২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মশালায় পৌঁছেছে মাশরাফিরা

এশিয়া কাপে দারুণ খেলার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো শুরুর প্রত্যাশায় ভারতের ধর্মশালায় পৌঁছেছে বাংলাদেশ দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 09:09 PM

Updated : 11 Oct 2022, 07:53 PM

ধর্মশালাতে বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আগামী বুধবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।

সোমবার সকালে ঢাকা থেকে রওনা দিয়ে দিল্লি হয়ে ভাড়া করা বিমানে বিকালে ধর্মশালার কাংগ্রা বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল।

নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে শুধু একটা দিনই প্রস্তুতি নেওয়ার সময় পাবে মুশফিক-সাব্বিররা। তবে তাতে খুব একটা সমস্যা হবে না বলে এশিয়া কাপের ফাইনাল শেষেই আশা প্রকাশ করেছিলেন অধিনায়ক মাশরাফি।

রোববার রাতে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বৃষ্টি বৃঘ্নিত এশিয়া কাপের ফাইনালে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

শিরোপা জয়ের এত কাছ থেকে খালি হাতে ফেরাটা হতাশার। তবে সেই সঙ্গে শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালে ওঠাটাও কম প্রাপ্তি নয় বলে জানান মাশরাফি। আর দারুণ এ পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যাশার কথাও বলেন অধিনায়ক।

বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশর পরের দুই ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও ওমান।

সুপার টেনে উঠলে গ্রুপ ২ -এ খেলবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ হবে নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তান।