২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদিদের ব্যর্থতা পীড়া দিচ্ছে পিসিবি প্রধানকে

বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপ টি-টোয়েন্টি থেকে আফ্রিদিদের ছিটকে পড়াটা পীড়া দিচ্ছে শাহরিয়ার খানকে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, শহিদ আফ্রিদির অধিনায়ক পদে থাকাটা নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 06:02 PM

Updated : 11 Oct 2022, 07:52 PM

ভারতের কাছে হেরে এশিয়া কাপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখে পাকিস্তান। কিন্তু বাংলাদেশের কাছে হেরে সে আশা মুছে যায় আফ্রিদি-আমিরদের।

এশিয়া কাপে মোহাম্মদ আমিরের মতো এক-দুজনের নজরকাড়া পারফরম্যান্স ছাড়া আর কারও খেলায় খুশি নন শাহরিয়ার। টুর্নামেন্টে আফ্রিদির দলের নিষ্প্রাণ খেলা নিয়ে তিনি বলেন, “এটা শুধু হতাশার নয়, পাকিস্তানকে এভাবে খেলতে দেখাটা ছিল পীড়াদায়ক অভিজ্ঞতা।”

কদিন পর ‍শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দল নির্বাচনের জন্য ‘বিশেষ কমিটি’ গঠনের কথাও জানান শাহরিয়ার। মিজবাহ উল-হক, ইউনিস খান ছাড়াও এই কমিটিতে থাকছেন পিসিবির ক্রিকেট কমিটির প্রধান শাকিল শেখ।

পাকিস্তান দলে আগামীতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেও এশিয়া কাপের ব্যর্থতায় অধিনায়ক আফ্রিদিকে ‘বলির পাঠা’ করা হবে না বলে জানান শাহরিয়ার।

“আফ্রিদি অধিনায়ক থাকবে, যদি সে নিজে থেকে সরে না দাঁড়ায়। গত ১৫ বছর ধরে সে পাকিস্তানের জন্য অবদান রেখে যাচ্ছে।”