কোচের চাওয়ায় ব্যাটিং অর্ডারে আগে মাশরাফি
ব্যাটিং অর্ডারে এক ধাপ উঠে এসে ছোট্ট কিন্তু ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন মাশরাফি বিন মুর্তজার। অধিনায়ক জানালেন, এই পদক্ষেপ কোচ চণ্ডিকা হাথুরুসিংহের ভাবনার ফসল।
শেষ ৩ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৬ রান। উইকেটে ছিলেন মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান। ঠিক পরেই উইকেটে যাওয়ার কথা মোহাম্মদ মিঠুনের। বল হাতে মোহাম্মদ আমির। টিভি পর্দায় দেখা গেল, ড্রেসিং রুমের ভিউয়িং এরিনায় মাশরাফিকে কিছু বলছিলেন হাথুরুসিংহে।
ওই ওভারের দ্বিতীয় বলেই সাকিব আউট হলে ব্যাট হাতে নামতে দেখা গেল মাশরাফিকে। টিভি পর্দায় দেখা কোচের সঙ্গে সেই আলাপচারিতা ম্যাচ শেষে খোলাসা করলেন অধিনায়ক।
“আমি প্যাড পরেই ছিলাম, তবে নামার কথা ছিল মিঠুনের পরেই। আমিরকে বল হাতে দেখেই কোচ বললেন, যদি ওভারের শুরুর দিকেই উইকেট পড়ে, তাহলে তুমি যাবে। কোচ বলতে না বলতেই সাকিব আউট। আমি হেলমেট পরাও ছিলাম না। তড়িঘড়ি করে হেলমেট নিয়ে নেমে গেলাম।”
উইকেটে গিয়েই পাকিস্তানের সেরা বোলার আমিরকে টানা দুটি চার মেরে ম্যাচের পেণ্ডুলাম বাংলাদেশের দিকে হেলিয়ে দেন মাশরাফি। কোচের সিদ্ধান্ত তাই শতভাগ সফল।
কোচের সেই ভাবনার পেছনে ব্যখ্যাটাও জানালেন অধিনায়ক।
“এই সময়ে বল একটু রিভার্স করছিল। আমির সামনে বল করছিল। কোচ আমাকে বলেছিল, ‘ফুলার লেংথ বল তুমি ভালো খেলতে পারবে। নাগালে পেলেই মেরে দেবে।’ আমিও গিয়ে প্রথম বলটা নাগালে পেলাম। পরেরটি তো লেগে গেল ব্যাটে! কিছুটা ভাগ্যও ছিল পক্ষে।”
