২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের শট মাহমুদউল্লার ব্যাটেই চাইছিলেন মাশরাফি

মাশরাফি বিন মুর্তজার চাওয়া ছিল, জয়সূচক রানটি মাহমুদউল্লাহর ব্যাট থেকেই আসুক। ম্যাচ শেষে ড্রেসিং রুমে মাহমুদউল্লাহও বলেছেন, শটটি তার কাছে অনেক কিছু!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 12:56 AM

Updated : 12 Apr 2022, 01:33 AM

মাশরাফি ও মাহমুদউল্লার কথার প্রেক্ষাপট বুঝতে হলে যেতে হবে ৪ বছর পেছনে। ২০১২ সালের ২২ মার্চে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে রান তাড়ায় শেষ সময়টায় উইকেটে ছিলেন মাহমুদউল্লাহ। শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। কিন্তু দলকে জেতাতে পারেননি মাহমুদউল্লাহ। ওই ওভারে নিজে ৩ বল খেলে করেছিলেন ৫ রান, আরেক পাশে পাননি যোগ্য সঙ্গী।

গত ৪ বছরে অনেক সাফল্যের স্রোতও ভাসিয়ে নিতে পারেনি সেই যন্ত্রণাকে। এবার উপলক্ষটা এলো, উইকেটে আবার সেই মাহমুদউল্লাহ। সেই ক্ষতে প্রলেপ দেওয়া জয়ে শেষ শটটি খেললেন সেই মাহমুদউল্লাহই।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন, এমন একটি চিত্রনাট্যের বাস্তবায়ন দেখতে চাইছিলেন তিনি নিজেও।

“আমি নিজেও চাচ্ছিলাম, রিয়াদের কাছ থেকেই উইনিং শট আসুক। শেষ ওভারের আগে ও এসে জিজ্ঞেস করেছিলো, ‘কি করব?’ আমি বলেছিলাম, ‘জায়গা মত বল পেলে মেরে দিবি।’ পরে ড্রেসিং রুমে রিয়াদ বলছিল, উইনিং শটটি ওর কাছে অনেক কিছু। ২০১২ ফাইনালের মতোই পরিস্থিতি ছিল। হয়ত সেটি ওর মনে পড়ছিল।”

জয়সূচক শটের আগের ওভারেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন দেন মাহমুদউল্লাহ ও মাশরাফি। পরে মাশরাফি জানালেন, শেষের সময়টায় মাহমুদউল্লাহর সামর্থে পূর্ণ বিশ্বাস ছিল তার।

“আমিরের ওভারে আমি দুই চার মারার পর রিয়াদ এসে আমাকে বলছিল যে কিভাবে খেলব এখন। আমি ওকে বলেছি বাজে বল পেলে মারতে। ওকে ভাবনায় কোনো দ্বিধা দিতে চাইনি আমি। চাইছিলাম ও যেন আউট না হয়। ওই সময়ে রিয়াদ আউট হলে কাজটা কঠিন হয়ে যেত। কিন্তু সে দারুণভাবে পরিস্থিত সামলেছে।”

পুরনো খবর:

স্বপ্নের ফাইনালে বাংলাদেশ