২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রকিবুলের দ্বিশতকে মধ্যাঞ্চলের বিশাল সংগ্রহ

রকিবুল হাসানের দ্বিশতক ও তানভীর হায়দারের শতকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে পূর্বাঞ্চলের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ গড়েছে মধ্যাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 07:50 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল

বুধবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ৩২১ রান নিয়ে খেলা শুরু করে মধ্যাঞ্চল। রকিবুল-তানভীরের দৃঢ় ব্যাটিংয়ে ৮ উইকেটে ৫৮৮ রানে ইনিংস ঘোষণা করে দলটি।

পঞ্চম উইকেটে ২৪০ রানের জুটি গড়েন রকিবুল-তানভীর। প্রথম শ্রেণির ক্রিকেটে অষ্টম শতক পাওয়া রকিবুল ফিরেন ২২৮ রান করে। ৩৩৮ বলে খেলা তার দারুণ ইনিংসটি ১৯টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ।

রকিবুলে বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি প্রথম শ্রেণির ক্রিকেটে ষষ্ঠ শতক পাওয়া তানভীরও। প্রথম শ্রেণির ক্রিকেটে সবশেষ পাঁচ ম্যাচে তৃতীয় শতক পাওয়া এই অলরাউন্ডার করেন ১১০ রান। তার ১৬৯ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও একটি ছক্কায়।

পূর্বাঞ্চলের রাহাতুল ফেরদৌস তিন উইকেট নিতে খরচ করেন ২২৪ রান।    

দ্বিতীয় দিন খেলা শেষে পূর্বাঞ্চলের সংগ্রহ দুই উইকেটে ১৪২ রান। ইমতিয়াজ হোসেন ৩৭ ও তাসামুল হক ৯ রানে ব্যাট করছেন। এখনও ৪৪৬ রানে পিছিয়ে আছে দলটি।

শুভাগত হোম চৌধুরীর বলে মার্শাল আইয়ুবের তালুবন্দি হওয়ার আগে ৮৯ রান করেন মুমিনুল হক।

উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অ্যাকাডেমি মাঠে ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে উত্তরাঞ্চল। ৩০ রান যোগ করতেই শেষ দুই উইকেট হারানো দলটির প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৯৬ রানে।

৪৩ রান নিয়ে দিন শুরু করা মুক্তার আলী ফেরেন ৬৪ রান করে।

দক্ষিণাঞ্চলের সোহাগ গাজী ৬০ রানে নেন তিন উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন তাইবুর রহমান ও আব্দুর রাজ্জাক।

দিন শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৪ উইকেটে ২৪৭ রান। এখনও ৪৯ রানে পিছিয়ে রয়েছে তারা।

শাহরিয়ার নাফিসের সঙ্গে এনামুল হকের ১১৮ রানের জুটি ভালো সূচনা এনে দেয় দক্ষিণাঞ্চলকে। ৭ রানের মধ্যে শাহরিয়ার (৫২) ও এনামুল (৭০) ফিরে যাওয়ার পর দলকে এগিয়ে নিচ্ছেন তুষার ইমরান। ৬০ রানে ব্যাট করছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

ফরহাদ রেজা ১৭ ও মোসাদ্দেক হোসেন ২৭ রান করে ফিরে গেছেন। তাইবুর ব্যাট করছেন ১২ রানে।

উত্তরাঞ্চলের সানজামুল ইসলাম ও সাকলাইন সজীব দুটি করে উইকেট নেন।