২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত ফাঙ্গিসো

অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার পর আসন্ন ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকার স্পিনার অ্যারন ফাঙ্গিসোর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 08:47 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

গত সপ্তাহে ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের টুর্নামেন্টের সেমি-ফাইনালে প্রশ্নবিদ্ধ হয় ফাঙ্গিসোর বোলিং অ্যাকশন। এর পর আইসিসি অনুমোদিত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি।

পরীক্ষার ফলাফলে দেখা গেছে, এই বাঁহাতি স্পিনারের সব ধরনের ডেলিভারির সময়ই কনুই ১৫ ডিগ্রির অনুমোদিত সীমা ছাড়িয়ে যায়।

দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে ফাঙ্গিসোকে না খেলানোর কথা জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি ম্যাচ দুটি হবে আগামী শুক্র ও রোববার।

আগামী ৯ মার্চ সিরিজের তৃতীয় ম্যাচে থাকতে পারেন ফাঙ্গিসো।

এর আগে আগামী সোমবার আরেকবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন তিনি।

এই পরীক্ষার উপরই নির্ভর করবে ফাঙ্গিসোকে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হবে কিনা। শেষ পর্যন্ত অ্যাকশন শোধরাতে না পারলে ফাঙ্গিসোর পরিবর্তে লেগস্পিনার এডি লেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।  

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাত বলেন, “অ্যারন আর আমাদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টি দলের জন্য সময়টা উপযুক্ত নয়। কিন্তু আমাদের এটাকে সামলাতে হবে। অ্যারনের অ্যাকশন শোধরানোর জন্য আমরা কঠোর পরিশ্রম করব।”

ভারতে প্রথম পর্ব দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৮ মার্চ। দক্ষিণ আফ্রিকা সরাসরি দ্বিতীয় পর্বে খেলবে। আর তাদের প্রথম ম্যাচ আগামী ১৮ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে।