ভারতে যাওয়ার অনুমতি পেল আফ্রিদিরা
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য ভারতে যেতে সরকারের সবুজ সঙ্কেত পেযেছে পাকিস্তান ক্রিকেট দল। এতে শহিদ আফ্রিদিদের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা দূর হলো।
নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠানো নিয়ে দোলাচলে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত ৯ ফেব্রুয়ারি পিসিবি প্রধান শাহরিয়ার খান সংবাদমাধ্যমকে জানান, ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে সরকারকে লিখিতভাবে জানিয়েছে বোর্ড।
সরকারের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে ভারতে যাওয়া কিংবা না যাওয়া।
ওই বিষয়ে অবশেষে সিদ্ধান্ত জানালো সরকার। শাহরিয়ার খান বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন, বিশ্বকাপ খেলতে প্রতিবেশী দেশটিতে যাচ্ছে পাকিস্তান দল।
“আমি সন্তুষ্ট যে, সরকার বিশ্বকাপে যেতে সম্মতি জানিয়েছে। দায়িত্ব হিসেবে আমরা আইসিসিকে জানিয়েছি, ভারতে পাকিস্তান দলের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে।”
গত বছরের অক্টোবরে ভারতের আঞ্চলিক একটি কট্টরপন্থী রাজনৈতিক দল শিব সেনার বিক্ষোভের মুখে দুই দেশের প্রস্তাবিত সিরিজটি আর আলোর মুখ দেখেনি।
বিশ্বকাপ দিয়ে ৩ বছর পর ভারত সফরে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানের ম্যাচগুলি হবে কলকাতা, ধর্মশালা ও মোহালিতে।
