মুমিনুলের শতক, অপেক্ষায় জাকির
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে শতক করেছেন টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। তিন অঙ্ক স্পর্শ করার অপেক্ষায় আছেন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসান। এই দুই জনের দারুণ ব্যাটিংয়ে দক্ষিণাঞ্চলের বিপক্ষে লিড নিয়েছে পূর্বাঞ্চল।
বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে পূর্বাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ৩৪৫ রান। জাকির ৯২ ও ইয়াসির আলী ২০ রানে ব্যাট করছেন। এই দুই জন এরই মধ্যে গড়েছেন ৫৫ রানের জুটি।
বিনা উইকেটে শূন্য রান নিয়ে দিনের খেলা শুরু করা পূর্বাঞ্চল এগিয়ে রয়েছে ৮৩ রানে।
৩৩ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে শুরুটা ভালো হয়নি পূর্বাঞ্চলের। ৮ রান করে সোহাগ গাজীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ইমতিয়াজ হোসেন। ১৯ রান করে অভিষিক্ত মইনুল ইসলামের বলে তাইবুর রহমানকে ক্যাচ দেন লিটন দাস।
শুরুর ধাক্কা সামলে পূর্বাঞ্চলকে সুবিধাজনক জায়গায় নিয়ে যান অধিনায়ক মুমিনুল। তৃতীয় উইকেটে তাসামুল হকের সঙ্গে ১৫৬ রানের চমৎকার এক জুটি উপহার দেন তিনি। ৮৭ রান করে তাসামুল রবিউল ইসলামের বলে এলবিডব্লিউ হলে ভাঙে বিপজ্জনক হয়ে উঠা এই জুটি।
এরপর শূন্য রানে বিদায় নেন অভিজ্ঞ অলক কাপালী। তবে দলের ওপর তার কোনো প্রভাব পড়তে দেননি মুমিনুল-জাকির। তাদের ৯৯ রানের জুটিতে প্রথম ইনিংসে লিড নেয় পূর্বাঞ্চল।
শতক করার পর অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের বলে মইনুলকে ক্যাচ দিয়ে শেষ হয় মুমিনুলের ১১২ রানের অধিনায়কোচিত ইনিংসটি। ১১৮ বলে খেলা তার ইনিংসটি ১৫টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ।
দক্ষিণাঞ্চলের অধিনায়ক রাজ্জাক দুই উইকেট নেন ১৪১ রানে।
এর আগে প্রথম ইনিংসে ২৬২ রান করে দক্ষিণাঞ্চল।
