২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্ন পূরণের সুযোগে উচ্ছ্বসিত মাশরাফি

বাংলাদেশের তরুণদের নিয়ে কাজ করার স্বপ্ন ছিল মাশরাফি বিন মুতর্জার। সেই সুযোগটা করে দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি(ইউএনডিপি)। সংস্থাটির সঙ্গে কাজ করতে পারার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 06:44 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

গত বেশ কিছু দিন ধরেই মাশরাফির সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল ইউএনডিপির পক্ষ থেকে। গত সোমবার আসে ঘোষণা। বাংলাদেশের অনুপ্রেরণাদায়ী অধিনায়ককে ‘ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসেডর’ মনোনীত করেছে ইউএনডিপি। বৃহস্পতিবার ইউএনডিপির ৫০তম বার্ষিকীতে এশিয়া কাপের টিম হোটেলে হলো আনুষ্ঠানিক চুক্তি সই।

ইউএনডিপির আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্স জানালেন, দেশজুড়ে তরুণদের আদর্শ বলে মাশরাফিকে বেছে নেওয়া হয়েছে তরুণদের নিয়ে কাজ করার জন্য।

“বাংলাদেশ ক্রিকেট দলের ভাবমূর্তি উন্নয়নে মাশরাফি দারুণ ভূমিকা রাখছেন। মাঠের বাইরেও তিনি একজন নেতা। আমি বিশ্বাস করি, আমাদের কার্যক্রমে যুক্ত করার জন্য সবচেয়ে আদর্শ ব্যক্তিকেই আমরা বেছে নিয়েছি। তার ইতিবাচক ভাবমূর্তি তরুণদের অনুপ্রাণিত করতে দারুণভাবে কাজে দেবে। বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৪ শতাংশই তরুণ। তাদের ৭০ শতাংশেরই কর্মসংস্থান নেই। তাদের কর্মসংস্থান খুঁজে পেতে মাশরাফির মাধ্যমে আমরা সহায়তা করতে পারবো।”

তরুণদের নিয়ে কাজ করার সুযোগ করে দেওয়ায় ইউএনডিপির প্রতি কৃতজ্ঞতা জানান মাশরাফি।

“আমার সব সময় স্বপ্ন ছিল বাংলাদেশের তরুণদের নিয়ে কাজ করার। আমার জন্য এটি তাই খুব ভালো একটা সুযোগ। আমার মনে হয়, খেলাধুলার পাশাপাশি আমি কাজটা করতে পারবো। বিসিবির সহায়তায় কিংবা নিজের উদ্যোগেও আমি তরুণদের জন্য কিছু করতে চাই। আমার কাছে এটি স্বপ্ন পূরণ হওয়ার মতো ব্যাপার। ইউএনডিপিকে ধন্যবাদ।”

মাশরাফির বিশ্বাস, পেশাদারি ও সামাজিক-পারিবারিক ব্যস্ততার পরও তরণদের নিয়ে কাজ করার যথেষ্ট সময় বের করতে পারবেন।

“ক্রিকেট খেলার পরও অনেক সময় থাকে। তখনই আমি এটা করতে পারবো। মনে হয় না খুব কঠিন হবে। আমাদের দেশের তরুণদের প্রতি আমার প্রবল বিশ্বাস আছে। এই উদ্যোগটা যদি তরুণদের কাজে লাগে, তবে আমি মনে করি দেশটা অনেক দূর এগিয়ে যাবে। তরুণরাই উন্নয়নশীল দেশ থেকে বাংলাদেশকে উন্নত দেশে উন্নীত করবে।”