পাকিস্তানের বিশ্বকাপ দলে ৩ পরিবর্তন
চোটের জন্য তিনটি পরিবর্তন এসেছে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। একই সঙ্গে এশিয়া কাপ থেকেও ছিটকে গেছেন রুম্মান রাইস, বাবর আজম ও ইফতেখার আহমেদ। তাদের জায়গায় দলে এসেছেন মোহাম্মদ সামি, শারজিল খান ও খালিদ লতিফ।
পাকিস্তানের নির্বাচক কমিটির প্রধান হারুন রশিদ জানান, সামিদের দলে আসায় ভালো অবদান ছিল পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাদের চমৎকার পারফরম্যান্সের। সামি, শারজিল ও লতিফ পিএসএলে খেলছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে।
মঙ্গলবার পিএসএলের প্রথম আসরের ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে ইসলামাবাদ।
পিএসএলের এখন পর্যন্ত একমাত্র শতকটি এসেছে শারজিলের ব্যাট থেকে। দলকে ফাইনালে নেওয়ার পথে পেশাওয়ার জালমির বিপক্ষে ৬২ বলে ১১৭ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।
ছয় ম্যাচে ১১ উইকেট নেন পেসার সামি। করাচি কিংসের বিপক্ষে মাত্র ৮ রানে নেন ৫ উইকেট। ৬ ইনিংসে ১৯০ রান করা লতিফ বিশ্বকাপ দলে এসেছেন, তবে এশিয়া কাপে খেলা হবে না তার।
২০১৩ সালের ডিসেম্বরে দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন শারজিল। গত বছর মে মাসে দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সামি। লতিফ দেশের হয়ে শেষ খেলেছিলেন ২০১২ সালের জুনে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল: শহিদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, সরফরাজ আহমেদ, শারজিল খান, খালিদ লতিফ, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলি, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ, খুররাম মনজুর, মোহাম্মদ সামি।
