প্যাটিনসনের আগুনে বোলিংয়ে এগিয়ে অস্ট্রেলিয়া
নিল ওয়াগনারের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিডকে খুব বড় হতে দেয়নি নিউ জিল্যান্ড। কিন্তু গতিময় আগ্রাসী বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আবার অস্ট্রেলিয়ার হাতে এনে দিয়েছেন জেমস প্যাটিনসন।
৫০৫ রানে অল আউট হয়ে প্রথম ইনিংসে ১৩৫ রানের লিড পায় অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ড সোমবার তৃতীয় দিন শেষ করেছে ৪ উইকেটে ১২১ রানে। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করাতে কিউইদের চাই আরও ১৪ রান, হাতে উইকেট ৬টি।
ক্যারিয়ারের শেষ ইনিংসেও ব্রেন্ডন ম্যাককালাম খেলেছেন নিজের মতো। তবে এবার আর দীর্ঘস্থায়ী হয়নি কিউই অধিনায়কের ঝড়। ৩ চার ও ১ ছক্কায় ২৫ রান করে ডাউন দা উইকেট খেলে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নারের অসাধারণ ক্যাচে।
দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হলেও একটি রেকর্ডে নাম ঠিকই লিখিয়েছেন ম্যাককালাম। প্রথম ইনিংসে করেছিলেন ১৪৫; দুই ইনিংস মিলিয়ে ১৭০ রান বিদায়ী টেস্টে কোনো অধিনায়কের সবচেয়ে বেশি রান।
ম্যাককালামের উইকেট নিয়েছেন হেইজেলউড, বাকি ৩টি উইকেটই প্যাটিনসনের। তৃতীয় দিনে হ্যাগলি ওভালের উইকেট রূপ নেয় প্রায় ব্যাটিং স্বর্গে। এই উইকেটেই আগুন ঝরিয়েছেন প্যাটিনসন। সিম পজিশন ছিল দারুণ, গতি খ্যাপাটে। নতুন বলে ফিরিয়েছেন মার্টিন গাপটিলকে (০)।
বল একটু পুরোনো হওয়ার পর প্যাটিনসন কিউই ব্যাটসম্যানদের নাকাল করেছেন রিভার্স সুইংয়ে। আউট করেছেন থিতু হয়ে যাওয়া টম ল্যাথাম (৩৯) ও হেনরি নিকোলসকে (২)।
কিউইদের ভরসা হয়ে ৪৫ রানে উইকেটে আছেন কেন উইলিয়ামসন।
এর আগে নিল ওয়াগনারের হাত ধরে ম্যাচে ফিরেছিল নিউ জিল্যান্ড। ৪ উইকেটে ৩৬৩ রান নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। লাঞ্চের আগে হারিয়েছিল কেবল তারা নাইটওয়াচম্যান নাথান লায়নের (৩৩) উইকেট। অর্ধশতক ছুঁয়ে আরেকটি বড় স্কোরের পথে ছিলেন অ্যাডাম ভোজেস।
লাঞ্চের পর একের পর এক বাউন্সারে অস্ট্রেলিয়ান ব্যাটিংয়ের শেষ ভাগটা মুড়িয়ে দেন ওয়াগনার। ৬০ রানে ভোজেসকে ফিরিয়ে শুরু। ফিরিয়ে দেন মিচেল মার্শ (১৮), পিটার নেভিলকেও (১৩)। অস্ট্রেলিয়া শেষ ৫ উইকেট হারায় ৪১ রানে।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১০৬ রানে ৬ উইকেট নেন ওয়াগনার। সব কটি উইকেটই শর্ট বলে!
অস্ট্রেলিয়ার লিড দেড়শ’ রানের নিচেই রাখার স্বস্তি নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল নিউ জিল্যান্ড। সেই স্বস্তি উবে গেছে প্যাটিনসনের তোপে।
