২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংকে বিদায় করে আরও এগিয়ে আমিরাত

টানা দ্বিতীয় জয়ে এশিয়া কাপের মূল পর্বে এক পা দিয়ে রাখল সংযুক্ত আর আমিরাত। টানা দ্বিতীয় হারে লড়াই থেকে ছিটকে গেল হংকং।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 07:03 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

এশিয়া কাপের বাছাইপর্বে রোববার ফতুল্লায় হংকংকে ৬ উইকেটে হারিয়েছে আমিরাত। ২০ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান করেছিল হংকং। আমিরাত লক্ষ্য ছুঁয়ে ফেলে ৯ বল বাকি রেখেই।

প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুরু করেছিল আমিরাত। হংকংয়ের বিপক্ষে তাদের জয়টি ছিল তাই প্রত্যাশিতই। জিতেছেও তারা ফেভারিটের মত।

১৪৭ রান তাড়ায় আমিরাত দুই ওপেনারকে হারিয়েছিল ২২ রানের মধ্যেই। কিন্তু তৃতীয় উইকেটে মোহাম্মদ শাহজাদ ও মুহাম্মদ উসমানের ৭৯ রানের জুটিতেই একরকম নিশ্চিত হয়ে যায় জয়। ৩৯ বলে ৫২ রান করেছেন শাহজাদ, সমান বলে ৪১ রান উসমান। ১৮ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন শাইমান আনোয়ার।

লক্ষ্যটাকে আমিরাত ধরাছোঁয়ার মাঝেই রাখতে পেরেছিল শেষের দিকে দুর্দান্ত বোলিংয়ে। একসময় মনে হচ্ছিল আরও বড় হবে হংকংয়ের স্কোর। আগের ম্যাচে অসাধারণ সেঞ্চুরির পর আবারও জ্বলে উঠেছিল বাবর হায়াতের ব্যাট। ৪৫ বলে করেছেন ৫৪।

১৭ বলে ২৯ করেছেন মার্ক চ্যাপম্যান, ১৮ বলে ২৮ নিজাকাত খান। ১৫ ওভার শেষে হংকংয়ের রান ছিল ৩ উইকেটে ১২২। কিন্তু হায়াতের বিদায়ে পথ হারায় দলের ইনিংস। ১৪ রানে ৩ উইকেট নেন আমিরাতের পেসার মোহাম্মদ নাভিদ। শেষ ৫ ওভারে হংকং তুলকে পারে মাত্র ২৪ রান!

ওই রানে আমিরাতকে চ্যালেঞ্জও জানাতে পারেনি তারা।

সোমবার বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। দুপুর তিনটায় আফগানিস্তানের প্রতিপক্ষ হংকং, সন্ধ্যা সাড়ে সাতটায় ওমানের বিপক্ষে খেলবে আমিরাত।