শুক্রবার শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ চার দিনের ক্রিকেট
কয়েক দফা তারিখ পেছানোর পর অবশেষে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ চার দিনের ক্রিকেট টুর্নামেন্ট।
এই প্রথম বয়স ভিত্তিক বড় দৈর্ঘ্যের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু আগামী শুক্রবার। টুর্নামেন্টের কেতাবি নাম ‘ইয়ুথ ক্রিকেট লিগ (অনুর্ধ্ব-১৯) ২০১৫-১৬’।
বুধবার চট্টগ্রাম ক্লাবে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন বিসিবির পরিচালক ও লিগ কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আকরাম খান বলেন, জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তুলে আনতে প্রথমবারের মতো বয়সভিত্তিক এই লিগের আয়োজন করা হয়েছে। এই লিগে ইস্ট, সাউথ, সেন্ট্রাল ও নর্থ জোন নাম দিয়ে চারটি দল অংশ নিবে।
চার দিনের ম্যাচের এ সিরিজের মধ্য দিয়ে সাকিব, মুশফিকের মত তরুণ খেলোয়াড়রা উঠে আসবে বলে আশা জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরামের।
বয়সভিত্তিক দলের নির্বাচক এহসানুল হক সেজান জানান, এই লিগে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের একাধিক খেলোয়াড় অংশ নেবেন।
তবে চোট পাওয়ায় জন্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও জাকির হাসান অংশ নিচ্ছেন না বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
প্রথম দিন ইস্ট জোনের বিপক্ষে সেন্ট্রাল জোন খেলবে এমএ আজিজ স্টেডিয়ামে। সাউথ জোন-নর্থ জোন ম্যাচটি হবে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী ৮ মার্চ হবে ফাইনাল। লিগের চ্যাম্পিয়ন দল পাঁচ লাখ টাকা ও ও রানার্স আপ দল তিন লাখ টাকা পুরস্কার পাবে।
