বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ হংকং
টি-টোয়েন্টি বিশ্বকাপে একটিই প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বিন মুর্তজার দল। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসিসির সহযোগী দেশ হংকং।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী মাসে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরুষ ও মহিলা বিভাগের প্রস্তুতি ম্যাচের দিনক্ষণ ঘোষণা করে আইসিসি।
আগামী ৫ মার্চ ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এই ম্যাচ শুরু হওয়ার কথা। তবে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে উঠলে ম্যাচটির সূচিতে পরিবর্তন আসবে।
আগামী ২৪ ফেব্রুয়ারি শুরু হবে এশিয়া কাপ, যার ফাইনাল হবে ৬ মার্চ। উদ্বোধনী দিনে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিকরা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২ মার্চ খেলবে পাকিস্তানের বিপক্ষে।
গত বছর দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে হংকংয়ের কাছে হেরেছিল বাংলাদেশ।
বিশ্বকাপে ৯ মার্চ নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম রাউন্ডে মাশরাফিদের গ্রুপের অন্য দুই দল হল আয়াল্যান্ড ও ওমান।
বাংলাদেশ মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আগামী ১০ মার্চ শ্রীলঙ্কা এবং ১২ মার্চ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। দুটি ম্যাচই হবে এম চিন্নাস্বামি স্টেডিয়ামে।
আগামী ১৫ মার্চ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে জাহানারা আলম-সালমা খাতুনরা। ‘বি’ গ্রুপে তাদের অন্য তিন সঙ্গী হল ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
