টি-টোয়েন্টি বিশ্বকাপ বাদ দিয়ে টেস্ট বেছে নিলেন ব্রাভো
আপাতত মিটেছে ক্যারিবিয়ান ক্রিকেটের জটিলতা, মূল ক্রিকেটারদের নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তবে বিশ্বকাপে খেলবেন না ড্যারেন ব্রাভো। বাঁহাতি ব্যাটসম্যান মন দিতে চান টেস্ট ক্রিকেটের প্রস্তুতিতে।
চুক্তি সংক্রান্ত জটিলতায় গত কিছুদিন টালমাটাল ছিল ক্যারিবিয়ান ক্রিকেট। এর আগে একই রকম ঝামেলায় ২০০৯ সালে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলেননি ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির ক্রিকেটাররা। এরপর ২০১৪ সালে ভারত সফরের মাঝপথ থেকে দেশে ফিরে গিয়েছিল দল। যেটার জের নানাভাবে টানতে হচ্ছে এখনও। এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাথাচাড়া দেয় চুক্তি জটিলতা। মূল ক্রিকেটারদের অংশগ্রহণ হয়ে পড়ে অনিশ্চিত।
টি-টোয়েন্টি অধিনায়ক ড্যারেন স্যামি ও বোর্ডের প্রধান নির্বাহী মাইকেল মিউরহেডের মাঝে কয়েক দফা ই-মেইল আদান-প্রদান, অনেক আলোচনার পর অবশেষে মিলেছে সমাধান। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের দলের ১২ জনই সই করেছেন প্রয়োজনীয় চুক্তিতে।
জটিলতা অবসানের আগেই বিশ্বকাপ দল থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন কাইরন পোলার্ড ও সুনিল নারাইন। তারা এখনও শেষ করে উঠতে পারেননি পুনর্বাসন প্রক্রিয়া। বোলিং অ্যাকশন শোধরাতে কাজ করছেন নারাইন, পোলার্ড চেষ্টায় আছেন চোট কাটিয়ে ফেরার।
এই দুজনের পরিবর্তে পেস বোলিং অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট ও অফ স্পিনার অ্যাশলি নার্সকে বিশ্বকাপ দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডের বাকি একজন, ড্যারেন ব্রাভো, বোর্ডকে লিখিতভাবে জানিয়েছেন, টি-টোয়েন্টির চেয়ে টেস্টে মন দিতে চান তিনি। এজন্যই বিশ্বকাপ না খেলে এই সময়টায় দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে খেলতে চান। স্টাইলিশ এই বাঁহাতি ব্যাটসম্যানের চাওয়াও পূরণ হয়েছে। শিগগিরই তার পরিবর্তে আরেকজনের নাম ঘোষণা করবে বোর্ড।
