‘ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ পুরো বাংলাদেশ’
ওয়েস্ট ইন্ডিজ কোচ গ্রায়েম ওয়েস্টের মতে, সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ শুধু বাংলাদেশ দল নয়, গোটা জাতিই; চ্যালেঞ্জটাও তাই পাহাড় সমান।
ক্রিকেটের কোনো বিশ্ব আসরে এই প্রথমবার সেমি-ফাইনাল খেলবে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সেমি-ফাইনালে বাংলাদেশ দলকে আরও অনুপ্রেরণা জোগাচ্ছে গোটা দেশের মানুষের ভালোবাসা ও নতুন ইতিহাসের হাতছানি।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এই বাস্তবতা উঠে এলো প্রতিপক্ষ কোচ গ্রায়েম ওয়েস্টের কণ্ঠেও।
“বাংলাদেশের খেলার চ্যালেঞ্জ পরিষ্কারভাবেই ক্যারিবিয়ানে খেলা থেকে আলাদা। খেলাটির মাহাত্ম্য আমরা ভালোই উপলব্ধি করতে পারছি। বিশ্বের সেরা কিছু অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ক্রিকেটার আছে বাংলাদেশে। আর আমরা জানি, শুধু বাংলাদেশ দল নয়, আমরা খেলতে নামছি গোটা জাতির বিপক্ষে।”
তবে এই চ্যালেঞ্জ জয়ে আত্মবিশ্বাসী ক্যারিবিয়ানরা। কোয়ার্টার-ফাইনালে উপমহাদেশেরই পরাশক্তি পাকিস্তানকে হারানো আত্মবিশ্বাসী করে তুলেছে দলকে, জানালেন কোচ।
“বিশ্বকাপের বেশ আগে, জানুয়ারির শুরুতে আমরা বাংলাদেশ এসেছি। দ্বিপাক্ষিক সিরিজে ভালো করতে পারিনি, তবে এতদিন বুঝে উঠেছি এই কন্ডিশনে ভালো করতে হলে কিভাবে খেলতে হবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের ইতিবাচক ফল সামনে এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাস জোগাবে আমাদের।”
অধিনায়ক শিমরন হেটমায়ারের বিশ্বাস, বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বিশ্বকাপ সেমি-ফাইনালে কোনো প্রভাব রাখবে না।
“ওই সিরিজের পর দল হিসেবে আমরা আরও অভিজ্ঞ হয়েছি। টুর্নামেন্ট যত এগিয়েছে, আমরা উন্নতি করেছি। এই মুহূর্তে সবাই আবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছে। নিজেদের উন্নতির প্রমাণ সবাই রাখতে চায়। মৌলিক ব্যাপারগুলো ঠিক রাখতে পারলে খুব ভালো সম্ভাবনা আছে আমাদের।”
