২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজের এমন কাণ্ড বিশ্বাস করতে পারছেন না ক্রিকেটাররা

জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান রিচার্ড নগারাভাকে যেভাবে রান আউট করে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠল ওয়েস্ট ইন্ডিজ তা মেনে নিতে পারছেন না ক্রিকেটার বা ক্রিকেট বোদ্ধারা। অনেকের মতেই, এভাবে আউট করাটা ‘ক্রিকেট স্পিরিট’-এর পরিপন্থী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 08:18 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের ২২৬ রানের জবাবে জিম্বাবুয়ের শেষ ওভারে প্রয়োজন ছিল তিন রান, ব্যাট করছিল শেষ উইকেট জুটি। প্রথম বলটি করতে এসে নন স্ট্রাইকার ব্যাটসম্যানকে রান আউট করেন কিমো পল।

কিমো বল করতে আসার সঙ্গে সঙ্গে একটু করে এগোচ্ছিলেন জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান রিচার্ড নগারাভা। সুযোগটা দেখে বল না করে স্টাম্প ভেঙে দেন ওয়েস্ট ইন্ডিজের এই বোলার।

এভাবে আউটের নিয়ম আছে বটে, কিন্তু নন স্ট্রাইকার ব্যাটসম্যানকে এভাবে আউট করাটা অনেকের কাছে ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী।

বিষয়টি ঘিরে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা টুইটারে সমালোচনা করেছেন।

দারুণ রোমাঞ্চকর লড়াইটি এমন লজ্জাজনকভাবে শেষ হওয়াটা যেন মানতেই পারছেন না নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।

“সঠিক কিংবা ভুল, মূল কথাটা হলো দারুণ জমে ওঠা একটি লড়াইয়ে দু:খজনক পরিসমাপ্তি হলো।”

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক ওয়েন মর্গ্যান তো ক্যারবীয়দের আচরণটাই মানতে পারছেন না।

“অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অসম্মানজনক আচরণ। ওয়েস্ট ইন্ডিজের লজ্জা পাওয়া উচিত!”

ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার লিখেছেন, “কি দেখলাম, আমার বিশ্বাসই হচ্ছে না! লজ্জার!”

অস্ট্রেলিয়ার প্রধান কোচ ও সাবেক ব্যাটসম্যান ড্যারেন লেম্যানের কাছে এটা কোনোভাবেই আউট নয়, “অবিশ্বাস্য, আউট না।”

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আলভিরো পিটারসেন আউটের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

“অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে যা হলো তা সমর্থন করতে পারছি না। হয়তো কোনো চিন্তা-ভাবনা ছাড়াই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে।”

ওয়েস্ট ইন্ডিজের পেসার টিনো বেস্ট অবশ্য উত্তরসূরিদের পক্ষেই লিখেছেন, “দারুণ খেলেছ, ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল, চালিয়ে যাও ছেলেরা।”