দক্ষিণ আফ্রিকার বিশাল জয়
অবশেষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চলতি আসরে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গতবারের চ্যাম্পিয়নরা ১০ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে।
মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অ্যাকাডেমি মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ৪ বলে ১২৭ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড।
সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত থাকেন নয় নম্বর ব্যাটসম্যান হ্যারিস কার্নেগি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে ফিনলে ম্যাকক্রিথের ব্যাট থেকে।
দুটি করে উইকেট নেন দক্ষিণ আফ্রিকার চার বোলার ডায়ান গালিম, ভিয়ান মুল্ডার, শন হোয়াইটহেড ও টনি ডি জর্সি।
বোলাররা লক্ষ্যটা ছোট রাখার পর দারুণ ব্যাটিংয়ে দলকে বড় জয় এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান লিয়াম স্মিথ ও কাইল ভেরেইন। তাদের দৃঢ়তায় কোনো উইকেট না হারিয়ে ২১ ওভার হাতে রেখে জেতে দক্ষিণ আফ্রিকা।
স্মিথ ও ভেরেইন খেলেন অপরাজিত ৬৪ রানের দুটি ভালো ইনিংস। স্মিথের ৮৭ বলের ইনিংসটি দুটি ছক্কা ও সাতটি চার সমৃদ্ধ। ভেরেইনের ৮৭ বলের ইনিংসটি গড়া ৭টি চারে।
‘এ’ গ্রুপ থেকে সুপার লিগ কোয়ার্টার-ফাইনালে খেলবে বাংলাদেশ ও নামিবিয়া। প্লেটে খেলবে দক্ষিণ আফ্রিকা ও স্কটল্যান্ড।
