বাবা-মার খুশিতে শান্তর হাসি
যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ায় বাড়তি উচ্ছ্বাস নেই নাজমুল হাসান শান্তর। তবে তরুণ প্রতিভাবান ব্যাটসম্যন খুশি বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে পেরে।
রোববার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো শতকের পথে শান্ত গড়েছেন দারুণ এক রেকর্ড। যুব ওয়ানডের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক এখন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটিং প্রতিভা।
রেকর্ডটি নিজের করে নিতে এই ম্যাচে ৬২ রান প্রয়োজন ছিল শান্তর। ম্যাচ শেষে জানালেন, ম্যাচের আগে বা ব্যাটিংয়ের সময় রেকর্ডের কথা তার ভাবনায় ছিল সামান্যই।
“রেকর্ডের কথা সত্যি বলতে আমি কিছুই জানতাম না। গতকালই জানতে পারি। ওটা মাথায় ছিল, তবে খুব বেশি ভাবিনি। রেকর্ড হয়ে গেলে ভালো লাগে, সেটা চিন্তা করেছি। ওই টুকুই। রেকর্ড করতেই হবে সেরকম কোনো কিছু চিন্তা করিনি। আমি শুধু আমার ব্যাটিং করে গেছি।”
তার অর্জনের আনন্দ বহুগুণে বাড়িয়ে দিয়েছে বাবা-মার খুশি।
“আমার আম্মা ও আব্বা এটা নিয়ে খুব খুশি হয়েছে যে আমি রেকর্ডটা করতে পেরেছি। এজন্য আমার নিজের কাছেও ভালো লাগছে সবচেয়ে বেশি।”
