সাঙ্গাকারাকে ছাড়িয়ে ধোনির রেকর্ড
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের সিরিজ জয়ের পাশাপাশি একটি বিশ্ব রেকর্ডও নিজের করে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি স্টাম্পিং করার কীর্তি গড়েছেন ভারত অধিনায়ক।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গত শুক্রবার ভারতের ২৭ রানে জেতা ম্যাচে দুটি স্টাম্পিং করেন ধোনি। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪০টি স্টাম্পিং করলেন তিনি।
যুবরাজ সিংয়ের করা ইনিংসের দ্বাদশ ওভারে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে স্টাম্পিং করে সাঙ্গাকরার ১৩৯টি স্টাম্পিং করার রেকর্ড ছুঁয়ে ফেলেন ধোনি। ১৭তম ওভারে রবিন্দ্র জাদেজার বলে জেমস ফকনারকে স্টাম্পিং করে বিশ্ব রেকর্ডটি নিজের করে নেন তিনি।
টি-টোয়েন্টিতে এই প্রথম এক ম্যাচে দুটি স্টাম্পিং করেন ধোনি। টি-টোয়েন্টিতে এক ম্যাচে দুটি স্টাম্পিং এর আগে ভারতের একজনই করেন; ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিনেশ কার্তিক।
আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির ১৪০টি স্টাম্পিংয়ের ৩৮টি টেস্টে, ৮৯টি ওয়ানডেতে, আর টি-টোয়েন্টিতে ১৩টি।
ধোনি আর সাঙ্গাকারার পর আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের কীর্তি রমেশ কালুভিথারানার। শ্রীলঙ্কার সাবেক এই উইকেটরক্ষক তার ক্যারিয়ারে ১০১টি স্টাম্পিং করেন। এর পরই আছেন পাকিস্তানের মইন খান (৯৩টি) ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৯২)।
৭০টি স্টাম্পিং করে বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম আছেন এই তালিকার সপ্তম স্থানে। ৮৫টি নিয়ে ষষ্ঠ স্থানে আছেন পাকিস্তানের কামরান আকমল।
