২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে হারাল ইংল্যান্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইংল্যান্ড। ড্যান লরেন্সের অলরাউন্ড নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে হারিয়েছে দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 05:10 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮২ রানের বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড।

সর্বোচ্চ ৫৯ রান আসে ক্যালাম টেইলরের ব্যাট থেকে। উদ্বোধনী ব্যাটসম্যান লরেন্স খেলেন ৫৬ বলে ৫৫ রানের কার্যকর এক ইনিংস। এছাড়া জর্জ বার্টল্যাট ৪৮, জ্যাক বার্নহ্যাম ৪৪ ও স্যাম কুরান ৩৯ রান করেন।

জবাবে ৪৩ ওভার ৪ বলে ২২১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ওভারে শূন্য রানে দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন কুরান। সেই ধাক্কা সামলে কখনও সেভাবে জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

উদ্বোধন ব্যাটসম্যান গিডরন পল খেলেন ৬০ বলে ৬০ রানের ভালো একটি ইনিংস। মিডল অর্ডার ব্যাটসম্যান কিমো পলের ব্যাট থেকে আসে ৫৮ বলে ৬৫ রানের আরেকটি চমৎকার ইনিংস। তবে তাদের প্রচেষ্টা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

৪২ রানে ৪ উইকেট নেন সাকিব মাহমুদ। এছাড়া দুটি করে উইকেট নেন কুরান ও ম্যাচ সেরা লরেন্স।

নিজেদের প্রথম ম্যাচে ফিজিকে ২৯৯ রানে হারিয়েছিল ইংল্যান্ড।