২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-নিউ জিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে

বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়েছে নিউ জিল্যান্ড-পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ওয়ানডে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 03:18 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

বৃহস্পতিবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে অন্তত ২০ ওভারের ম্যাচের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত জয় হয় বৃষ্টিরই।

২৪ ঘণ্টার বেশি সময় ধরে বৃষ্টি হওয়ায় মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। লম্বা সময় ধরে সুপার সপার কাজ করলেও মাঠের কিছু অংশ ভেজাই থেকে যায়।

তাই কোনো ঝুঁকি নেননি দুই আম্পায়ার বিলি বাউডেন ও ব্রুস অক্সেনফোর্ড। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার কিছুক্ষণ আগে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন তারা।

আগামী রোববার অকল্যান্ডে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৭০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে আছে কেন উইলিয়ামসনের দল।