২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোখে অস্ত্রোপচার হবে আঘাত পাওয়া ম্যাকক্লেনাগানের

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট করার সময়ে চোখে বলের আঘাত পাওয়া মিচেল ম্যাকক্লেনাগানের অস্ত্রোপচার করাতে হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 10:11 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সোমবার প্রথমে ব্যাট করা নিউ জিল্যান্ডের ইনিংসে আনোয়ার আলির করা শেষ ওভারের প্রঞ্চম বলে চোখে আঘাত পান ম্যাকক্লেনাগান। ওই সময় তার হেলমেট পরা থাকলেও বল গ্রিলের ফাঁক গলে তার বাঁ চোখের উপরে লাগে। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে যান ১৮ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলা এ্ই পেসার।

পরে নিউ জিল্যান্ড ক্রিকেটের এক মুখপাত্র জানান, এক্স-রেতে ম্যাকক্লেনাগানের চোখের উপরের হাড়ে ছোট চিড় ধরা পড়েছে। আগামী শুক্রবার এর অস্ত্রোপচার করা হবে।

২৯ বছর বয়সী ম্যাকক্লেনাগান নিজেও আঘাত বড় কিছু নয় বলে জানিয়েছেন।

টুইটারে নিজের ছবি দিয়ে ৪৮টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলা ম্যাকক্লেনাগান লিখেছেন, “সব কিছু যতটা সম্ভব ভালো আছে। কিছু হাড় ভেঙেছে মাত্র।"

ম্যাচটি ৭০ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১-০ এ এগিয়ে গেছে নিউ জিল্যান্ড। আগামী বৃহস্পতিবার নেপিয়ারে হবে দ্বিতীয়টি আর তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী রোববার অকল্যান্ডে।