২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নেই ম্যাক্সওয়েল

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে খেলতে পারবেন না গ্লেন ম্যাক্সওয়েল। হ্যামস্ট্রিং পেশিতে চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 05:37 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

শনিবার সিডনিতে ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচের পর অস্ট্রেলিয়া দল অ্যাডিলেইডে পৌঁছেছে। আগামী মঙ্গলবার এখানেই হবে প্রথম টি-টোয়েন্টি। কিন্তু চোটের কারণে মেলবোর্নে নিজ বাড়িতে ফিরে গেছেন ম্যাক্সওয়েল।

২৭ বছর বয়সী এই ক্রিকেটারের চোট অবশ্য খুব একটা গুরুতর নয়। আগামী শুক্রবার মেলবোর্নেই হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। তার আগেই ম্যাক্সওয়েলের সুস্থ হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা আছে।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত কোচ মাইকেল ডি ভেনুটো বলেন, “মেলবোর্নে নিজ বাড়িতে সে কয়েকটা দিন কাটাবে। এরপর দুদিনের মধ্যে আমরা ওখানে পৌঁছলে সে দলের সঙ্গে যোগ দেবে।”

প্রধান কোচ ড্যারেন লেম্যান অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় তার অবর্তমানে দায়িত্বে আছেন ৪২ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।