২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুবনেশ্বরের চোটে অভিষেকের অপেক্ষায় ধাওয়ান

আঙ্গুলে চোট পেয়ে ছিটকে পড়েছেন ভুবনেশ্বর কুমার। তার পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারত দলে ডাক পেয়েছেন অল-রাউন্ডার রিশি ধাওয়ান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 05:47 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

গত বুধবার অস্ট্রেলিয়ার কাছে চতুর্থ ওয়ানডেতে হারের ম্যাচে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান ভুবনেশ্বর। এই পেসারের পরিবর্তে এখনও কোন টি-টোয়েন্টি না খেলা ধাওয়ানকে দলে নেওয়ার কথা শনিবার জানায় ভারত ক্রিকেট বোর্ড।

বুধবারের ওই ম্যাচেই আরও চোট পান অজিঙ্কা রাহানে। ডান হাতে আঘাত পাওয়া এই ব্যাটসম্যান এখনও দলে থাকলেও তার খেলা নিশ্চিত নয়। বিকল্প হিসেবে টি-টোয়েন্টি দলে আছেন গুরকিরাত সিং।

২৫ বছর বয়সী গুরকিরাতও এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার শেষ হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন তিনি। সিরিজটি ৪-১ ব্যবধানে হারে ভারত। এই সিরিজের শেষ তিনটি ম্যাচ খেলেন ধাওয়ান ও গুরকিরাত। 

আগামী মঙ্গলবার অ্যাডিলেডে হবে প্রথম টি-টোয়েন্টি। আগামী শুক্রবার মেলবোর্নে দ্বিতীয় এবং ৩১ জানুয়ারি সিডনিতে তৃতীয় ও শেষ ম্যাচটি হবে।