২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ উইকেটে ৫৯ রানে প্রথম ইনিংস ঘোষণা!

বৃষ্টির বাধায় অনুমিত ড্রই হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের দুই ম্যাচ। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 06:00 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

শুক্রবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচের চতুর্থ ও শেষ দিন খেলা সম্ভব হয়নি। এর আগে বাজে আবহাওয়ার জন্য এই ম্যাচের দ্বিতীয় দিনও খেলা হয়নি।
 

যতটুকু খেলা হয়েছে তাতে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ২১৪ রান করে পূর্বাঞ্চল। জবাবে ৩ উইকেটে ৫৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে উত্তরাঞ্চল।

ম্যাচ শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উত্তরাঞ্চলের অধিনায়ক নাঈম ইসলাম জানান, বোলিংয়ের বোনাস পয়েন্ট পেতেই এত কম রানে ইনিংস ঘোষণা করেন তিনি,

“বোনাস পয়েন্ট পেতে হলে দুই দলের একটি করে ইনিংস শেষ হতে হয়। তাই আগের দিনের রানেই ইনিংস ঘোষণা করতে হয়েছে।”

এই ম্যাচ থেকে বোলিংয়ের বোনাস তিন পয়েন্টসহ ৬ পয়েন্ট পেয়েছে উত্তরাঞ্চল। অন্য দিকে, প্রথম ইনিংসের লিড থেকে পাওয়া এক পয়েন্টসহ ৫ পয়েন্ট পেয়েছে পূর্বাঞ্চল।  

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ড্র হওয়া ম্যাচে প্রথম ইনিংসে লিড নিয়েছে মধ্যাঞ্চল। 

শুক্রবার ৩ উইকেটে ৮১ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে দক্ষিণাঞ্চল। অলআউট হওয়ার আগে ২৪৬ রান করে আব্দুর রাজ্জাকের দল। 

সর্বোচ্চ ৭৮ রান আসে মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। এছাড়া ৪৫ রান করেন অলরাউন্ডার ফরহাদ রেজা। 

২৭ রানে চার উইকেট নিয়ে উত্তরাঞ্চলের সেরা বোলার শরীফ উল্লাহ। তিনটি করে উইকেট নেন শহিদুল ইসলাম (৩/৩৭) ও শুভাগত হোম চৌধুরী (৪/৭৭)।

ম্যাচ শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪৫ রান করে মধ্যাঞ্চল। ২০ রান করে রাজ্জাকের শিকারে পরিণত হন শামসুর রহমান। রনি তালুকদার ১৬ ও মার্শাল আইয়ুব ৮ রানে অপরাজিত থাকেন। 

এর আগে প্রথম ইনিংসে ৩৮১ রান করে মধ্যাঞ্চল।