টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের পরামর্শক ভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাসকে বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে আয়ারল্যান্ড।
সংযুক্ত আরব আমিরাত সফরে আগামী ১৪ ও ১৬ ফেব্রুয়ারি আবু ধাবিতে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সে সময় থেকেই সহযোগী দেশটির সঙ্গে কাজ শুরু করবেন ভাস, থাকবেন বিশ্বকাপের শেষ পর্যন্ত।
আয়ারল্যান্ড দলের সঙ্গে কোচ হিসেবে কাজ করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত ভাস। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে আয়ারল্যান্ডের অনেকের সঙ্গেই খেলার সুযোগ হয়েছে তার।
২০ বছরের লম্বা ক্যারিয়ারে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নতুন শিষ্যদের সঙ্গে ভাগ করে নিতে উন্মুখ হয়ে আছেন ভাস।
২০১২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য নিউ জিল্যান্ডের বোলিং পরামর্শক হিসেবে কাজ করেন ৩৫৫টি টেস্ট ও ৪০০টি ওয়ানডে উইকেট নেওয়া ভাস। ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে গত এপ্রিল পর্যন্ত শ্রীলঙ্কার বোলিং কোচ ছিলেন তিনি।
গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে ভাসকে পেয়ে খুশি আয়ারল্যান্ডের প্রধান কোচ জন ব্রেসওয়েল, “সব ধরনের ক্রিকেটে বিশেষ করে উপমহাদেশে তার উইকেট নেওয়ার সামর্থ্য ছিল অসাধারণ। তার এই অভিজ্ঞতা আমাদের বোলিং গ্রুপের জন্য হবে অমূল্য।”
