জিম্বাবুয়ের জয়ের ম্যাচে প্রশ্নবিদ্ধ ভিটরির বোলিং
জিম্বাবুয়ে দলে আসা-যাওয়ার মধ্যে থাকা ব্রায়ান ভিটরি বড় একটা ধাক্কা খেয়েছেন। প্রশ্নবিদ্ধ হয়েছে এই বাঁহাতি পেসারের বোলিং অ্যাকশন।
বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ভিটরির বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছে আম্পায়ারদের। ম্যাচ শেষে আনুষ্ঠানিক অভিযোগও এনেছেন তারা।
৩১ রানে জেতা সেই ম্যাচে ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ভিটরি।
প্রায় পাঁচ বছর আগে বাংলাদেশের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া জাগানো অভিষেক হয় ভিটরির। পরে সময়ের সঙ্গে আর তাল মেলাতে পারেননি। ক্যারিয়ার জুড়েই ছিলেন আসা-যাওয়ার মধ্যে। বাংলাদেশ সফর দিয়ে আরেকবার দলে ফিরেন তিনি। কিন্তু এবার প্রশ্নবিদ্ধ হল তার বোলিং অ্যাকশন।
নিয়ম অনুযায়ী, ১৪ দিনের মধ্যে আইসিসি স্বীকৃত কোনো ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে ভিটরিকে। সেটির ফল না আসা পর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি।
