টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলির রেকর্ড
ভারতের ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ২৫তম শতকে পৌঁছানোর রেকর্ড গড়েছেন বিরাট কোহলি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে দুটি শতক করে কোহলি গড়েছেন দুটি রেকর্ড। স্বাগতিকদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শতক করার পথে সবচেয়ে কম ইনিংসে সাত হাজার রানে পৌঁছানোর রেকর্ড গড়েন তিনি।
বুধবার ক্যানবেরার ম্যানুকা ওভালে চতুর্থ ওয়ানডেতে ১০৬ রান করে ২৫তম ওয়ানডে শতক তুলে নেন কোহলি। টেন্ডুলকারের রেকর্ড নিজের করে নিতে ১৬২টি ইনিংস খেলেন ভারতের টেস্ট অধিনায়ক।
২৩৪ ইনিংস খেলে এই রেকর্ড গড়েছিলেন টেন্ডুলকার। কোহলির ৭২ ইনিংস কম লেগেছে।
সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেই শতক রয়েছে কোহলির। সবচেয়ে বেশি ছয়টি শতক রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে, পাঁচটি শতক করলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।
২০০৮ সালের ১৮ অগাস্ট ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় কোহলির। এই সংস্করণে প্রথম শতকের জন্য ত্রয়োদশ ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হয় তাকে। কলকাতার ইডেন গার্ডেন্সে ২০০৯ সালের ২৪ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে করেন ১০৭ রান।
ক্যারিয়ারে এ নিয়ে চতুর্থবার টানা দুই ম্যাচে শতক করলেন কোহলি।
