২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিগ ব্যাশকে বিদায় গেইলের?

বিগ ব্যাশ লিগে সম্ভবত নিজের সর্বশেষ ইনিংসটি খেলে ফেলেছেন ক্রিস গেইল। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টির এই টুর্নামেন্টে আর দেখা নাও যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের এই উদ্বোধনী ব্যাটসম্যানকে। ইন্সটাগ্রামে এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 09:35 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

বিগ ব্যাশে গেইলের সর্বশেষ ইনিংসটি মনে রাখার মতোই। ১২ বলে অর্ধশতক করে যুবরাজ সিংয়ের টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের রেকর্ড স্পর্শ করেন তিনি। তবে চলতি মৌসুমে গেইল তার চেয়েও বেশি স্মরণীয় হয়ে থাকবেন হোবার্টের বেলেরিভ ওভালে দেওয়া এক সাক্ষাৎকারে বিতর্কিত মন্তব্যের জন্য। 
 
সেই সাক্ষাৎকারে নারী সাংবাদিক ম্যাকলফলিনকে এক সঙ্গে পান করার আমন্ত্রণ জানিয়ে  গেইল বলেছিলেন, ‘লজ্জা পেও না, বেবি।’
 
ক্রিকেট অস্ট্রেলিয়াসহ অনেক জায়গা থেকেই গেইলের সেই মন্তেব্যের সমালোচনা করা হয়। গেইলকে টুর্নামেন্টে আর না আনার দাবি জানানো হয়। যদিও দল রেনেগেইডস বহিষ্কার করেনি গেইলকে। তবে ভবিষ্যতে বিগ ব্যাশে আর এই আক্রমণাত্মক ব্যাটসম্যানকে স্বাগত জানানো হবে না বলেই ধারণা করা হচ্ছে। 
 

টুর্নামেন্টে এই মৌসুমে নিজের শেষ ইনিংস খেলার পর তাকে সহায়তা করে যাওয়ায় রেনেগেইডস ও অস্ট্রেলিয়ান ভক্তদের ধন্যবাদ জানান গেইল।  “মানুষ ভাবছে, অস্ট্রেলিয়ায় আমি সম্ভবত সর্বশেষ ইনিংসটি খেলে ফেলেছি। তবে ভক্তদের সঙ্গে আমার স্মৃতি সারা জীবন টিকে থাকবে! আমি বিশ্ব জুড়ে লিগ বানাই আর বিগ ব্যাশ তারই একটি। ... মানুষকে দাও, যা তারা চায়।” বিতর্কিত মন্তব্যের পর গেইলের সমালোচনা হয় অনেক গণমাধ্যমে। অ্যান্ড্রু ফ্লিনটফ, ক্রিস রজার্সের মতো সাবেক ক্রিকেটাররাও সরব হন গেইলের সমালোচনায়। কারো নাম না নিলেও সব সমালোচনার জবাব দিয়েছেন গেইল। “গণমাধ্যমের প্রতি, তোমাদেরও ধন্যবাদ! ঘৃণাকারীরা, আমি তোমাদের আরও বেশি ধন্যবাদ দিচ্ছি..।”