স্বাভাবিক খেলেই সিরিজ জিততে চায় বাংলাদেশ
তৃতীয় ম্যাচে সিরিজ জয়ের চাপ নিয়ে মাঠে নামতে চায় না বাংলাদেশ। স্বাগতিকদের উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার জানালেন, স্বাভাবিক খেলেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিততে চান তারা।
প্রথম দুটি টি-টোয়েন্টি জেতা বাংলাদেশ বুধবার জিতলেই সিরিজ জয় নিশ্চিত করবে। তৃতীয় টি-টোয়েন্টির আগের দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌম্য জানালেন, জয়ের ভাবনায় বুঁদ হয়ে চাপ নেবেন না তারা।
“সব সময় যেমন জেতার জন্য খেলতে নামি, কালকেও সেভাবেই জিততে নামব। সিরিজ জেতার জন্য নামছি বা জিততেই হবে কালকে, সে রকম কিছুই না। সবাই নিজের খেলাটা খেললে, ভালো ক্রিকেট খেললে আমরা অবশ্যই জিতব।”
সিরিজের শেষ দুই ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তন থাকছে বেশ কিছু। বিশেষ করে ব্যাটিংয়ে মুশফিকুর রহিম ও বোলিংয়ে মুস্তাফিজুর রহমানের মত গুরুত্বপূর্ণ দুজন থাকছেন না।
সৌম্য এটিকে ঘাটতি না বলে দেখছেন সুযোগ হিসেবে।
“আমরা আসলে ওভাবে ভাবিনি যে ছন্দ নষ্ট হবে। যারা নতুন আসছে, তারা অবশ্যই চাইবে ভালো খেলতে। নতুনরা চেষ্টা করবে নিজেদের চেনাতে, না থাকাদের অভাবটা পুষিয়ে দিতে।”
