২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেছনে তাকাতে চান না সৌম্য

নিজের ব্যাটিংয়ের সমস্যাগুলো ভেবে ছন্দ নষ্ট করতে চান না সৌম্য সরকার। প্রতিটি ম্যাচে খোলা মন নিয়ে মাঠে নামতে চান বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 05:30 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

গত বছর ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করলেও পরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুটি সফরে বড় রান পাননি সৌম্য। ফর্মে ছিলেন না বিপিএলেও। জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে আউট হয়েছিলেন ৭ রানে। দ্বিতীয় ম্যাচে রান পেলেও বড় করতে পারেননি ইনিংস, ফিরেছেন ৪৩ রানে।

তবে এসব ব্যর্থতায় সামান্যই বিচলিত সৌম্য। তৃতীয় ম্যাচের আগের দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, অতি ভাবনা অনেক সময় নেতিবাচক প্রভাব ফেলতে পারে ব্যাটিংয়ে।

“সত্যি কথা বলতে, প্রথম দিকে ঘরোয়া ক্রিকেট খেলার সময় এ সব ভাবতাম। এখন বিষয়টি ভুলে গেছি। সমস্যার কথা চিন্তা করলে আমার নিজের ব্যাটিংয়ের মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে। আগে যেটা পারিনি, সেটা নিয়ে ভাবতে চাই না। পেছন ফিরে তাকাতে চাই না। প্রতিটি ম্যাচেই নতুন করে চেষ্টা করি ভালো করতে।”

সবশেষ ম্যাচে অর্ধশতকের কাছে গিয়ে আউট হয়েছেন সৌম্য। সবশেষ দুটি ওয়ানডে ম্যাচেও থমকে গিয়েছিলেন ৮৮ ও ৯০ রানে। মাইলফলকের কাছাকাছি গিয়ে বারবার আটকে যাওয়ার প্রসঙ্গেও সৌম্য বললেন সামনে তাকানোর কথা।

“কাছে গিয়েও মাইলফলক না হলে তো আক্ষেপ সবারই থাকে। আমার এখন আক্ষেপ হচ্ছে না, ভবিষ্যতে হয়ত হতে পারে। যখন ক্যারিয়ারে পেছন ফিরে তাকাব। এখন যেসব চলে গেছে, সে সব চিন্তা করছি না। সামনে সুযোগ পেলে চেষ্টা করব কাজে লাগানোর।”

সিরিজের তৃতীয় ম্যাচে বুধবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

পুরনো খবর:

অনেক বদলের ম্যাচে সিরিজ জয়ের আশা