ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ বাংলাদেশের
নিয়মিত কয়েক জন খেলোয়াড়কে বিশ্রাম দিলেও তৃতীয় ওয়ানডেতে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সাইফ হাসানের শতক ও সঞ্জিত সাহার পাঁচ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে ১৬ রানে হারিয়েছে স্বাগতিকরা।
এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল মেহেদি হাসান মিরাজদের দল।
এই ম্যাচে সহ-অধিনায়ক নাজমুল হোসেন, বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ শাওন, আগের ম্যাচে শতক করা উদ্বোধনী ব্যাটসম্যান পিনাক ঘোষ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩৫ রান করে বাংলাদেশ।
১০৭ রানে অপরাজিত থাকেন সিরিজ সেরা সাইফ। তার ১৪৭ বলের ইনিংসটি ১১টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ। আগের দুই ম্যাচে ৫ ও অপরাজিত ৩৯ রান করেন তিনি।
সাইফ এক প্রান্ত আগলে রাখলেও এক সময়ে ৮৮ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শফিউল হায়াতের সঙ্গে সাইফের ৮৭ রানের জুটি চাপ সামলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়।
রান আউট হওয়ার আগে ৬৯ বলে ৯টি চারের সাহায্যে ৬১ রানের ভালো একটি ইনিংস খেলেন শফিউল। তিনি ও সাইফ ছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলী (২৪)।
ওয়েস্ট ইন্ডিজের গিডরন পোপ, ক্রিস্টান কালিচরন ও ওডিয়ান স্মিথ দুটি করে উইকেট নেন।
জবাবে এক বল বাকি থাকতে ২১৯ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
পোপের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইনিংসে শুরুটা ভালো হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। পোপকে (৫৭) ফিরিয়ে সাঈদ সরকার ১৩ ওভার স্থায়ী ৮২ রানের জুটি ভাঙার পর সেই গতি আর ধরে রাখতে পারেনি অতিথিরা।
ম্যাচ সেরা সঞ্জিতের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি অতিথিরা।
দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন কেসি কার্টি। রান আউট হওয়ার আগে ৩৮ রান করে উদ্বোধনী ব্যাটসম্যান টেভিন ইমলাখ ৩৮ রান করেন।
২১ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার সঞ্জিত। আবুল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে যুব ওয়ানডেতে দ্বিতীয়বার পাঁচ উইকেট পেলেন তিনি। গত নভেম্বরেই জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই অফ স্পিনার।
