রোমাঞ্চ জাগিয়ে ড্র বিসিএলে
শেষ দিনের নাটকীয়তায় ফলের সম্ভাবনা জেগেছিল মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের মধ্যে ম্যাচে। রোমাঞ্চ জাগিয়েও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে।
শুক্রবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৩ উইকেটে ৬৪ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে মধ্যাঞ্চল। প্রথম ইনিংসে ৩৯ রানের লিড পাওয়া দলটি এগিয়ে ছিল ১০৩ রানে।
দুই পেসার আবু জায়েদের দারুণ বোলিংয়ে এদিন ১০৪ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারায় মধ্যাঞ্চল। তানভীর হায়দার (৪৬) ছাড়া আর কেউ ভালো করতে না পারায় ১৬৮ রানে থেমে যায় দলটির দ্বিতীয় ইনিংস।
জয়ের জন্য ৪৬ ওভারে ২০৮ রান প্রয়োজন ছিল পূর্বাঞ্চলের। ৪১ ওভারে ৫ উইকেটে দলটি ১৮৩ রান করার পর দিনের খেলা শেষ হলে ম্যাচ ড্র হয়।
১১০ বলে অপরাজিত ৯১ রানের চমৎকার ইনিংসে জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন তাসামুল হক। তার ইনিংসটি সাজানো ৬টি চার ও একটি ছক্কা। প্রথম ইনিংসে শতক করা অলক কাপালী খেলেন ৩৯ রানের আরেকটি ভালো ইনিংস।
৩৪ রানে তিন উইকেট নিয়ে মধ্যাঞ্চলের সেরা বোলার সৈকত আলী। এর আগে প্রথম ইনিংসে ৩৯ রানে চার উইকেট নিয়েছিলেন তিনি।
