জোহানেসবার্গে মরিস, রাবাদার লড়াই
জোহানেসবার্গে ‘আসল’ কাজ শুরুর আগেই লড়াইয়ে নামতে হয়েছে ক্রিস মরিস ও কাগিসো রাবাদাকে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে দলকে ভালো সংগ্রহ এনে দিতে ব্যাট হাতে লড়তে হচ্ছে দক্ষিণ আফ্রিকার এই দুই পেসারকে।
দুইশ’ পার হতেই সব বিশেষজ্ঞ ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়া দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিচ্ছে মরিস ও রাবাদা। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে এরই মধ্যে ৪২ রানের মূল্যবান এক জুটি গড়েছেন এই দুই জন।
প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ২৬৭ রান। মরিস ২৬ ও রাবাদা ২০ রানে ব্যাট করছেন।
বৃহস্পতিবার জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টা নিরাপদেই কাটিয়ে দেন দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার ও স্টিয়ান ফন জিল।
দ্বিতীয় ঘণ্টার শুরুতেই আঘাত হানেন বেন স্টোকস। ফন জিলকে ফিরিয়ে ৪৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন এই অলরাউন্ডার। নেতৃত্ব ছেড়ে দেওয়া হাশিম আমলার সঙ্গে এলগারের ৭৩ রানে জুটি প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে স্বাগতিকদের ভালো অবস্থানে পৌঁছে দেয়।
দ্বিতীয় সেশনের পানি বিরতির পর ১০ রানের ব্যবধানে এলগার (৪৬), আমলাকে (৪০) ফিরিয়ে স্বাগতিকদের চাপে ফেলে ইংল্যান্ড। এলগারকে জনি বেয়ারস্টোর গ্লাভসবন্দি করেন মইন আলি। আমলা স্টিভেন ফিনের করা দিনের সেরা বলে ইংল্যান্ডে উইকেটরক্ষককে ক্যাচ দেন।
এবি ডি ভিলিয়ার্স, ফাফ দু প্লেসি ধাক্কা সামলে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু দলকে হতাশ করে দুই জনেই ফিরে যান থিতু হয়ে। স্টোকসের বলে বেয়ারস্টোকে ক্যাচ দেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডি ভিলিয়ার্স (৩৬)। দু প্লেসিকে আলেক্স হেলসের ক্যাচে পরিণত করেন ফিন।
দলেরও ওপর চাপ আরও বাড়িয়ে রান আউট হয়ে ফিরে যান টেম্বা বাভুমা (২৩)। শেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে উইকেটরক্ষক ড্যান ভিলাস (২৬) যখন ফিরে যান দক্ষিণ আফ্রিকার সংগ্রহ তখন ৭ উইকেটে ২২৫ রান।
সেখান থেকে দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দিয়েছেন মরিস ও রাবাদা। যাদের দিকে উইকেট নেওয়ার জন্য তাকিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা, লড়াইয়ের পুঁজি গড়ার কাজটাও তাদেরই করতে হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার প্রথম নয় ব্যাটসম্যান সবাই দুই অঙ্কে পৌঁছেছেন। কিন্তু কেউই অর্ধশতক পর্যন্ত যেতে পারেননি। তাতে নিজেদেরই এক রেকর্ড ভাঙার পথে রয়েছে স্বাগতিকরা।
টেস্টে কোনো অর্ধশতক ছাড়া সর্বোচ্চ ২৮১ রানের রেকর্ড দক্ষিণ আফ্রিকার। ১৯৬৪ সালে ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিপক্ষে এই রান করেছিল তারা।
ইংল্যান্ডের ফিন (২/৫০) ও স্টোকস (২/৫৩) দুটি করে উইকেট নেন।
