লিটন, কাপালীর শতক
অবশেষে জ্বলে উঠেছেন লিটন দাস। শতক পেয়েছেন অভিজ্ঞ অলক কাপালীও। তারপরও মধ্যাঞ্চলের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের ম্যাচে লিড নিতে পারেনি পূর্বাঞ্চল।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ ৩ উইকেটে ৬৪ রান। প্রথম ইনিংসে ৩৯ রানের লিড পাওয়া দলটি এগিয়ে রয়েছে ১০৩ রানে।
শামসুর রহমান ১৫ ও সৈকত আলী ৮ রানে ব্যাট করছেন। ১৫ রান করে ফিরে গেছেন উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদার। উইকেটে থিতু হয়ে ফিরে গেছেন মার্শাল আইয়ুব (২৫)।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে ফিরেছেন মেহরাব হোসেন জুনিয়র।
পূর্বাঞ্চলের নাজমুল ইসলাম দুই উইকেট নিয়েছেন দুই রানে। তার ঘূর্ণিতেই শেষ দিনে নাটকীয়তার কিছুটা সম্ভাবনা জেগেছে।
এর আগে ৩ উইকেটে ১৭০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পূর্বাঞ্চল। আগের দিনের ৮২ রানের জুটিকে এদিন ২১০ পর্যন্ত এগিয়ে নেন লিটন-কাপালী। দলের সংগ্রহ তিনশ’ রানের কাছাকাছি নিয়ে ফিরে যান রানের জন্য লড়াইয়ে থাকা লিটন।
২৫১ বলে খেলা লিটনের ১২৮ রানের ইনিংসটি ১৫টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ।
৬৫.৩ ওভার স্থায়ী জুটি ভেঙে লিটনের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষ পর্যন্ত লিড নিতে পারেনি পূর্বাঞ্চল।
এক সময়ে পূর্বাঞ্চলের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৯৮ রান। এরপর ৫৭ রান যোগ করতেই শেষ সাত উইকেট হারায় তারা।
শতকে পৌঁছেই ফিরে যান কাপালী (১০০)। তার ২২৫ বলের ইনিংসটি গড়া ৬টি চার ও একটি ছক্কায়।
৩৯ রানে চার উইকেট নিয়ে মধ্যাঞ্চলের সেরা বোলার সৈকত। পেসার শহিদুল ইসলাম তিন উইকেট নেন ৬২ রানে।
এর আগে তানভীর হায়দার ও শরীফ উল্লাহর শতকে প্রথম ইনিংসে ৩৯৪ রান করে মধ্যাঞ্চল।
