২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তানভীরের শতকে বড় সংগ্রহের পথে মধ্যাঞ্চল

তানভীর হায়দারের শতক আর শরীফ উল্লাহর অর্ধশতকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের ম্যাচে পূর্বাঞ্চলের বিপক্ষে বড় সংগ্রহ গড়ছে মধ্যাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 08:40 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

প্রথম দিনের খেলা শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ৩০৩ রান। তানভীর ১০৮ ও শরীফ ৮৯ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৩৩.৩ ওভারে ১৪২ রানের জুটি গড়েছেন এই দুই জন। 
 
প্রথম শ্রেণির ক্রিকেটে এ নিয়ে টানা দুই ম্যাচে শতক পেলেন তানভীর। তার ইনিংসটি সাজানো ১৬টি চারে। শরীফ অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন। ১০১ বলে খেলা তার ক্যারিয়ার সেরা ইনিংসটি ১৩টি চারে গড়া। শরীফের আগের সেরা ছিল ৭৫ রান। 
 
মঙ্গলবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে মধ্যাঞ্চল। আবুল হাসান ও আবু জায়েদের তোপে ২৬ রানেই চার উইকেট হারিয়ে ফেলে দলটি।
 
পরপর তিন ওভারে রনি তালুকদার, মেহরাব হোসেন ও সৈকত আলীকে ফিরিয়ে দেন হাসান। রনি চার রান করলেও মেহরাব ও সৈকত ফিরেন শূন্য রানে। 
 
উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমানকে ফেরান জায়েদ। পরে মার্শাল আইয়ুবকে ফিরিয়ে মধ্যাঞ্চলের প্রতিরোধও ভাঙেন তিনি। 
 
পঞ্চম উইকেটে মার্শালের সঙ্গে ১৩৫ রানের জুটিতে প্রাথমিক প্রতিরোধ গড়েন তানভীর। ৭৬ রান করে মার্শাল ফিরে গেলে ভাঙে ৪৮.২ ওভার স্থায়ী চমৎকার এই জুটি। 
 
পূর্বাঞ্চলের হাসান ৪১ রানে নেন তিন উইকেট। অন্য পেসার জায়েদ দুই উইকেট নেন ৬০ রানে।