২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের স্বপ্ন শুভাগতর

নাসির হোসেনের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হতে পারে শুভাগত হোম চৌধুরীর। সুযোগ পেলে ভালো খেলে এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে থাকার দাবি জানিয়ে রাখতে চান এই অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 07:49 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

এশিয়া কাপ, বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ বাংলাদেশের পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ। এখানে ভালো খেলে বিশ্বকাপ দলে থাকাটা অসম্ভব নয়; সেটাই স্বপ্ন দেখাচ্ছে শুভাগতকে।

“বিশ্বকাপ, এশিয়া কাপের আগে জিম্বাবুয়ে সিরিজটা আমাদের প্রস্তুতির জন্য ভালো সুযোগ। আমার জন্যও ভালো সুযোগ। ব্যাটিং-বোলিংয়ে ভালো করে এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার চেষ্টা করব।”

দলে শুভাগতর ভূমিকা নিয়ে প্রশ্ন কম হয়নি। নির্বাচকরা তাকে বরাবরই একজন অফ স্পিন অলরাউন্ডার হিসেবে দেখে এসেছেন। কিন্তু ২৯ বছর বয়সী এই ক্রিকেটার সব সময়ই বলে এসেছেন, তিনি ব্যাটিং অলরাউন্ডার।

“টেস্ট দলে আমি বোলিং অলরাউন্ডার হিসেবে খেলেছি। কিন্তু আমি নিজেকে মূলত ব্যাটিং অলরাউন্ডার মনে করি। তবে অলরাউন্ডার হিসেবে যখন খেলছি, ব্যাটিং-বোলিং দুটিতেই অবদান রাখতে হবে। দলের চাওয়া অনুযায়ী যখন-যেখানে দরকার হয় ব্যাট করতে হবে।”