২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টিতে সুযোগ দেখছেন শুভাগত

স্ট্রোক খেলতে পছন্দ করেন শুভাগত হোম চৌধুরী। আর টি-টোয়েন্টিতেই স্ট্রোক খেলার সুযোগ বেশি। তাই এই সংস্করণে নিজের সুযোগ দেখছেন শুভাগত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 07:27 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

২০১১ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শুভাগতর। খুব একটা খারাপ না করলেও গত চার বছরে আর সেই সংস্করণে খেলানো হয়নি তাকে। ২০১৪ সালের সেপ্টেম্বরে হঠাৎ করে অফ স্পিন অলরাউন্ডার হিসেবে ডাক আসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। গত দুই বছরে সাতটি টেস্ট খেললেও খুব একটা ভালো করতে পারেননি তিনি। 
 
বাংলাদেশ ‘এ’ দল আর বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ভালো খেলে এসেছেন টি-টোয়েন্টি দলে। একমাত্র এই সংস্করণেই দেশের হয়ে এখনও খেলা হয়নি শুভাগতর। তবে টি-টোয়েন্টিতে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।    
 
“অবশ্যই এটা আমার জন্য একটা ভালো সুযোগ। আমি টি-টোয়েন্টি, ওয়ানডেতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আশা করি, এখানে ভালো করতে পারব।”
 
জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ। নাসির হোসেনের অনুপস্থিতিতে খুলনায় অভিষেক হতে পারে শুভাগতর। এই অলরাউন্ডার জানান, সুযোগ এলে কাজে লাগাতে তিনি প্রস্তুত।
 
“যেহেতু আমি স্ট্রোক প্লেয়ার, স্ট্রোক খেলে এসেছি সব সময়। প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ যেখানেই খেলি, শট খেলতে পছন্দ করি। এজন্যই মনে হচ্ছে, টি-টোয়েন্টিও ভালো সুযোগ আমার জন্য।”
 
আগামী শুক্রবার খুলনার আবু নাসের স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি।