২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীহীন শেখ আবু নাসের স্টেডিয়ামের গ্যালারি

নষ্ট হয়ে যাওয়ায় তুলে ফেলা হয়েছে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের গ্যালারির একটি পাশের সব চেয়ার। আরেক পাশে কোথাও চেয়ার আছে, কোথাও নেই। জিম্বাবুয়ে সিরিজে কংক্রিটের গ্যালারিতে বসেই খেলা দেখতে হবে দর্শকের বড় একটা অংশকে।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 06:41 PM

Updated : 11 Oct 2022, 07:34 PM

শেখ আবু নাসের স্টেডিয়ামের দক্ষিণ প্রান্তের প্রবেশ মুখ দিয়ে ঢুকলেই চোখে পড়বে দারুণ কিছু ছবি। এই মাঠে বাংলাদেশ ক্রিকেটে স্মরণীয় কিছু মুহূর্ত সাঁটা আছে দেয়ালে। এই মাঠ ঘেষেই যার বাড়ি, অকাল প্রয়াত সেই অলরাউন্ডার মানজারুল ইসলাম রানার হাসিমুখ ছবি মুহূর্তের জন্য থমকে দেবে যে কাউকে।

রানার হাসিমুখ চোখে পড়বে তার নামে উৎসর্গ করা মাঠের স্ট্যান্ডেও। ‘মানজারুল ইসলাম রানা স্ট্যান্ড’ লেখার পাশেই সেই চেনা হাসিতে রানার ছবি। একবার ঝড়ে উড়ে যাওয়ার পর নামখচিত বোর্ড বেশ শক্ত করে লাগানো হয়েছে। এখন স্ট্যান্ডের নাম-ছবি একটু ঝাপসা হলেও টিকে আছে বোর্ড।

তবে মঙ্গলবার সকালে চোখ আটকে গেল রানা স্ট্যান্ডের পাশের গ্যালারিতে। সুদৃশ্য সব চেয়ার উধাও। দূর থেকে দেখে মনে হচ্ছিল গ্যালারিটা যেন ম্যানগ্রোভ বনাঞ্চল! সুন্দরবনের মতোই যেন কিছু শ্বাসমূল দেখা যাচ্ছিল, তবে হলুদ রঙের! কাছে গিয়ে দেখা গেল, ওসব আসলে কংক্রিটের সঙ্গে চেয়ার সংযুক্ত করার নাট-বল্টু। চেয়ার নেই, পড়ে আছে সারিবদ্ধ নাট-বল্টু!

Image
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের রানা স্ট্যান্ডের পাশের গ্যালারিতে কংক্রিটের সঙ্গে চেয়ার সংযুক্ত করার নাট-বল্টু ছাড়া আর কিছুই নেই। ছবি: সৌজন্য

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের রানা স্ট্যান্ডের পাশের গ্যালারিতে কংক্রিটের সঙ্গে চেয়ার সংযুক্ত করার নাট-বল্টু ছাড়া আর কিছুই নেই। ছবি: সৌজন্য

গ্যালারির ওপরের দিকে দেখা গেল দুজন শ্রমিক যন্ত্র নিয়ে কেটে চলেছেন চেয়ারের পরিত্যক্ত অংশ, তুলে ফেলছেন ওই নাট-বল্টুগুলো। পাশেই বড় ডিজিটাল স্কোরবোর্ডের নিচের গ্যালারি অবশ্য একদম চকচকে। চেয়ারও নেই, নাট-বল্টুও নেই। পুরো কংক্রিটের গ্যালারি, সদ্য রঙ করা। হুট করে বোঝার উপায় নেই, এই গ্যালারিতেও চেয়ার ছিল।

এই গ্যালারির মতোই আকার দেওয়ার চেষ্টা চলছে আসলে নাট-বল্টুতে ছেয়ে থাকা গ্যালারিটাকেও। চেয়ার উঠিয়ে পুরোপুরি কংক্রিটের গ্যালারি, এরপর রঙ করে চেষ্টা করা হবে কিছুটা শ্রী ফেরানোর।

উল্টো দিকে, মাঠের উত্তর-পূর্ব দিকের গ্যালারির চেহারাটা আরও অদ্ভুত। কোথাও চেয়ার আছে, কোথাও নেই। চেয়ারের গ্যালারির মাঝে নানা জায়গায় নেই চেয়ার। অথচ গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও এই মাঠে দেখা গেছে বিভিন্ন রঙের চেয়ারে সুদৃশ্য গ্যালারি!

জিম্বাবুয়ে সিরিজে খুলনার ক্রিকেটামোদীদের একটা বড় অংশকে খেলা দেখতে হবে কংক্রিটের চেয়ারে বসে। গ্যালারির এই হালে মাঠের সৌন্দর্য্যহানিও হয়েছে যথেষ্টই।

ভেন্যু ম্যানেজার আব্দুস সাত্তার কচি জানালেন, নষ্ট হয়ে যাওয়াতেই তুলে ফেলতে হয়েছে চেয়ার।

“বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে চেয়ারগুলো নষ্ট হয়েছে। কিছু তো প্রায় গুড়ো গুড়ো হয়ে গিয়েছিল। এই সিরিজটা হুট করেই খুলনায় হচ্ছে, চেয়ার বদলানোর সময় ছিল না আমাদের। এজন্য সব তুলে কংক্রিকেটর গ্যালারিই রাখা হচ্ছে। রঙ করার পর দেখতে খারাপ লাগবে না।”

২০১১ বিশ্বকাপের বিকল্প ভেন্যু হিসেবে এই মাঠের গ্যালারিতে চেয়ার বসেছিল। এরপর ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে এবং গত বছর পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে বদলানো হয় গ্যালারির বেশ কয়েক জায়গার চেয়ার। মাঠের রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ করেন স্থানীয় অনেকেই।

ভেন্যু ম্যানেজার অবশ্য অভিযোগ মানতে চাইলেন না।

“রক্ষণাবেক্ষণে কোনো ঘাটতি ছিল না। আসলে মাঠের ওই অংশগুলোর চেয়ারের মানই ভাল ছিল না। এজন্যই নষ্ট হয়ে গেছে।”

দেশের আর প্রায় সব ভেন্যুর মতো এই স্টেডিয়ামও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অধীনে। এনএসসির খুলনার প্রকল্প পরিচালক মোহাম্মদ আওলাদ হোসেন জানালেন, পরে আবার নতুন করে চেয়ার বসানো হবে।

“আসলে রোদে পুড়ে গ্যালারির ওই অংশের চেয়ারগুলো ‘টেম্পার’ হারিয়ে নষ্ট হয়ে গেছে। আমাদের রক্ষণাবেক্ষণে কোনো সমস্যা ছিল না। এই সিরিজের আগে তো সময় পাইনি আমরা, পরে আবার চেয়ার বসানো হবে।”