২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের দুই চাওয়া

গত বছর বাংলাদেশ দলের জয়ের ধারাবাহিকতা জিম্বাবুয়ে সিরিজেও ধরে রাখতে চান সাকিব আল হাসান। পাশাপাশি চান নিজেদের টি-টোয়েন্টি খেলায় উন্নতি করতে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 09:10 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

২০১৫ সালে নিজেদের ইতিহাসের সবচেয়ে সফল বছর কাটিয়েছে বাংলাদেশ। নতুন বছরের অভিযান শুরু জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। বছর শুরুর চ্যালেঞ্জ অপেক্ষাকৃত সহজ। তবে পরের কঠিন চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত করতে এই সিরিজকেই কাজে লাগাতে চান সাকিব।

সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শেষে দলের সহ-অধিনায়ক জানালেন জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের লক্ষ্য।

“জেতাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। জিততে থাকলে অনেক কিছুই সহজ হয়ে যায়। চেষ্টা থাকবে জিততে থাকা ও একইসঙ্গে উন্নতি করতে থাকা। কারণ সামনে আমাদের গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্ট। এই সিরিজটা আমাদের জন্য সুযোগ দলীয়ভাবে ও ব্যক্তিগতভাবে পারফর্ম করে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার।”

সাকিব জানালেন জিম্বাবুয়ে সিরিজের ব্যক্তিগত লক্ষ্যও। বরাবরের মতোই সেটি চটকদার কিছু নয়।

“লক্ষ্য ভালো পারফর্ম করা, দলকে জেতাতে সাহায্য করা, জয়ে অবদান রাখা… এই তো, এসবই লক্ষ্য।”

আগামী শুক্রবার এই মাঠেই প্রথম টি-টোয়েন্টিতেহ মুখোমুখি হবে দল দুটি।