২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে চোখ আবু হায়দারের

জিম্বাবুয়ে সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া আবু হায়দার রনির লক্ষ্যটা কিন্তু সুদূর-প্রসারী। সুযোগটা কাজে লাগিয়ে দিয়ে বাঁহাতি এই পেসার জায়গা করে নিতে চান টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 10:10 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

পুরনো খবর:

ফুটবলার বাবার স্বপ্ন পূরণ ক্রিকেটার নুরুলের
টি-টোয়েন্টি দলে নতুন মুখ নুরুল ও আবু হায়দার

জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া নিয়ে অনেকেরই থাকে অনেক রোমাঞ্চ; দল ঘোষণার আগে থাকে আশা আর উৎকণ্ঠার দোলাচল। তবে এসব অনুভূতির সঙ্গে খুব একটা পরিচয় হয়নি আবু হায়দার রনির। গত বিপিএল চলার সময় থেকেই দেশের ক্রিকেট আঙিনায় আলোচনা, জাতীয় দলে আবু হায়দার এই এলেন বলে।

বিপিএল শেষে অনুমিতভাবেই জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে। জিম্বাবুয়ে সিরিজের দলে জায়গা পাওয়াটাও ছিল একরকম নিশ্চিতই। তারপরও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত খানিকটা অস্বস্তি তো থাকেই!

দলে জায়গা পাওয়ার খবরে আনন্দের পাশাপাশি আবু হায়দারের কণ্ঠে তাই স্বস্তির সুরও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “সবাই বলাবলি করছিল দলে থাকব। তারপরও চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না। এখন ভালো লাগছে।”

নতুন মুখ হলেও তার দলে আসাটা নয় কোনো চমক। অথচ দু মাস আগেও আজকের দিনটি ভাবতে পেরেছিলেন কজন! ভাবতে পারেননি আবু হায়দার নিজেও। ঘরোয়া ক্রিকেটের একান্ত অনুসারী ছাড়া খুব কম লোকেই চিনত তাকে। বিপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সই মূলত আলোয় এনেছে বাঁহাতি এই পেসারকে।

গতিময় চলন্ত সিঁড়িতে চেপে নিজের এই উত্থান অনেক সময় অবাক করে দেয় স্বয়ং আবু হায়দারকেই।

“জাতীয় দলে খেলার স্বপ্ন সবসময়ই ছিল। তবে বিপিএলের আগেও ভাবতে পারিনি এত দ্রুত সেই স্বপ্ন পূরণ হবে। বিপিএলের পারফরম্যান্সই সব বদলে দিয়েছে।”

বিপিএল তাকে পাদপ্রদীপের আলোয় আনলেও আসলে তিনি দেশের বয়সভিত্তিক ক্রিকেটেরই ফসল। খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ দলে! আলাদা করে প্রথম নজর কেড়েছেন সম্ভবত ২০১২ সালে জুনে এসিসি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে। মালেয়েশিয়ায় সেবার কাতারের বিপক্ষে যে ম্যাচে ১৩৫ বলে ২০৯ রান করেছিলেন সৌম্য সরকার, সেই ম্যাচেই ৫.৪ ওভার বোলিং করে ১০ রানে ৯ উইকেট নিয়েছিলেন ১৬ বছর বয়সী আবু হায়দার! বাংলাদেশের ৩৬৩ রানের জবাবে ৩৫ রানে গুটিয়ে গিয়েছিল কাতার।

পরের বছর একই টুর্নামেন্টে আলোচনার জন্ম দিয়েছিলেন আবার। এবার আবু ধাবিতে মালেয়েশিয়াকে ৫০ রানে গুটিয়ে দিল বাংলাদেশ। আবু হায়দারের বোলিং ফিগার ৮-৪-৮-৫!

২০১২ ও ২০১৪ যুব টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। বিশ্ব আসরে অবশ্য সেভাবে নজর কাড়তে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেটে নজর কাড়ার মত পারফর্ম করেছেন বিপিএলের আগেও। বাংলাদেশের বাস্তবতায় প্রথম শ্রেণির ক্রিকেটে ফাস্ট বোলারদের কাজটা কঠিন। ১১ ম্যাচে আবু হায়দারের ১৮ উইকেটেও সেটিরই প্রতিফলন। তবে লিস্ট ‘এ’-তে আবির্ভাবেই নিজেকে জানান দিয়েছেন। গত ঢাকা প্রিমিয়ার লিগে ভিক্টোরিয়ার হয়ে নিয়েছিলেন ১৭ উইকেট।

তবে দেশের অবহেলিত ঘরোয়া ক্রিকেটে পারফরমারও থেকে যান আড়ালে। ঝাঁ চকচকে বিপিএলকেই তাই বেছে নিয়েছিলেন নিজেকে চেনানোর মঞ্চ হিসেবে। সেখানে আলো ছড়িয়ে উঠে এলেন আরও বড় মঞ্চে, আন্তর্জাতিক ক্রিকেট।

পরীক্ষা এখানে আরও কঠিন, চাপ আরও বেশি। বিপিএলের পারফরম্যান্স আরও বাড়িয়ে দিয়েছে চাপ। একই রকম পারফরম্যান্সের প্রত্যাশা এখন দেশবাসীর।

চাপটাকে অবশ্য পেয়ে বসতে দিতে চান না ১৯ বছর বয়সী এই পেসার।

“চাপ তো থাকবেই। আন্তজাতিক ক্রিকেটের চাপ হয়ত বেশি। তবে আমার কাজ ঠিক জায়গায় বল ফেলে যাওয়া। আমি সেটাই চেষ্টা করে যাব।”

বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন, জিম্বাবুয়ে সিরিজটাকে করে নিতে চান চূড়ান্ত দলে থাকার সিঁড়ি।

“অবশ্যই চাই বিশ্বকাপ খেলতে। ক্যারিয়ারের শুরুতেই বিশ্বকাপ খেলতে পারলে দারুণ হয়। জিম্বাবুয়ে সিরিজে ভালো করলে সেই সুযোগটা আসছে। সুযোগটি নিতে চাই আমি।”