২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে সিরিজের সব ম্যাচ খুলনায়

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 04:36 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া হলেও জিম্বাবুয়ে সিরিজের সব ম্যাচ সিলেটে হবে বলে সিদ্ধান্ত প্রায় চূড়ান্তই ছিল। কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভাবনায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। চারটি টি-টোয়েন্টি ম্যাচই এখন হবে খুলনায়।

মঙ্গলবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক শেখ সোহেল নিশ্চিত করেছেন, এবার খুলনায় হওয়ার এই সিদ্ধান্ত চূড়ান্ত।

“আসলে শুরু থেকেই আলোচনা ছিল যে চারটি ম্যাচ যেহেতু, সিলেট আর খুলনা মিলিয়ে হবে দুটি করে ম্যাচ। কিন্তু খুলনা ও সিলেটের দূরত্ব অনেক। মিডিয়া, ব্রডকাস্টিং যন্ত্রপাতি বহনের ঝামেলা, অনেক সমস্যা হবে। এজন্য শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যেহেতু সিলেটে হবে, জিম্বাবুয়ে সিরিজ খুলনাতেই রাখব। এই সিদ্ধান্ত চূড়ান্ত।”

মঙ্গলবার সিরিজের আনুষ্ঠানিক সূচিও ঘোষণা করেছে বিসিবি। ম্যাচ চারটি হবে ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে জিম্বাবুয়ে বাংলাদেশে পা রাখবে ১১ জানুয়ারি।

বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিল এই খুলনাতেই, ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এর পর খুলনায় টেস্ট ও ওয়ানডে হলেও আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়নি।