‘আপত্তিকর’ মন্তব্যের জন্য শাস্তি গেইলের
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের ম্যাচ চলার সময় টিভি সাক্ষাৎকারে নারী উপস্থাপকের উদ্দেশে ‘অপমানকর’ মন্তব্য করায় ক্রিস গেইলকে ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (৭ হাজার ১৯৭ ডলার) জরিমানা করেছে তার দল মেলবোর্ন রেনেগেইডস।
মেলবোর্ন রেনেগেইডসের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টুয়ার্ট কভেন্ট্রি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে গেইলকে জরিমানা করার বিষয়টি জানান। গেইলের জরিমানার এই অর্থ ম্যাকগ্রা ফাউন্ডেশনে দেওয়া হবে বলেও জানান তিনি।
বেলেরিভ ওভালে গত সোমবার হোবার্ট হারিকেন্সের বিপক্ষে চারটি চার ও তিনটি ছয়ে ১৫ বলে ৪১ রান করে আউট হয়ে ফেরা গেইল সাক্ষাৎকার দেওয়ার সময় চ্যানেল টেনের নারী উপস্থাপক মেল ম্যাকলফলিনকে আপত্তিকর মন্তব্য করেন।
বিধ্বংসী ব্যাটিং নিয়ে প্রশ্নের জবাবে ওয়েস্ট ইন্ডিজের মারমুখী এই ব্যাটসম্যান বলেছিলেন, “আমিও তোমাকে সাক্ষাৎকার দিতেই আসতে চেয়েছি। প্রথমবারের মতো তোমার চোখ দুটো দেখতেই তো আমি এখানে। এটা খুবই সুন্দর। আশা করছি, আমরা ম্যাচটি জিতব এবং এর পর এক সঙ্গে পান করব। লজ্জা পেও না, বেবি।”
বিগ ব্যাশে গেইলের এরকম আচরণ প্রথম বলে তাকে নিষিদ্ধ করা হয়নি বলে জানান রেনেগেইডসের প্রধান নির্বাহী।
ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটালে গেইলের শাস্তি আরও বেশি হবে বলে উল্লেখ করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড।
“আমি আবার বলছি, আমার ধারণা, ক্রিস গত রাতে খুব বাজে ভুল করেছে। পুরুষ ও মহিলা, ছেলে ও মেয়ে - ক্রিকেট অস্ট্রেলিয়ার সব মানুষের খেলা, এটা নিশ্চিত করতে আমরা কঠোর কাজ করছি। এই লক্ষ্যের ক্ষতি করবে, এমন কোনো আচরণ আমরা বরদাস্ত করব না।”
রেনেগেইডস শাস্তি দিয়েছে বলে এবার ক্রিকেট অস্ট্রেলিয়া গেইলের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে জানান সাদারল্যান্ড।
গত বছর জুলাইয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) একবার এমন আচরণ করেছিলেন গেইল। সিপিএলে জ্যামাইকা তালাওয়াসের অধিনায়কত্ব করেন তিনি। উইকেট সম্পর্কে জিজ্ঞেস করা এক নারী প্রতিবেদককে অশোভন কথা বলেছিলেন গেইল।
ম্যাকলফলিনের সঙ্গে এই ঘটনার পর দিন মঙ্গলবার সকালে মেলবোর্ন বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের মন্তব্যের জন্য দু:খ প্রকাশ করেন গেইল। তবে ম্যাকলফলিনের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি বলে জানান তিনি।
গেইল নিজের এই মন্তব্যকে ‘কৌতুক’ বলে উল্লেখ করেন।
