২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাপটিল, হেনরির নৈপুণ্যে নিউ জিল্যান্ডের সিরিজ

মার্টিন গাপটিলের শতক আর ম্যাট হেনরির পাঁচ উইকেটে পঞ্চম ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়েছে নিউ জিল্যান্ড। ৩৬ রানের এই জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 12:40 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

মঙ্গলবার মাউন্ট বে ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৯৪ রান করে নিউ জিল্যান্ড। জবাবে ৪৭ ওভার ১ বলে ২৫৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কা। হেনরি ও ট্রেন্ট বোল্টের তোপে ৩৩ রানেই প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় তারা।

দিনেশ চান্দিমালের সঙ্গে ৯৩ রানের জুটিতে প্রতিরোধ গড়েন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। চান্দিমালকে (৫০) ফিরিয়ে বিপজ্জনক হয়ে উঠা এই জুটি ভাঙেন বোল্ট।

মারকুটে অলরাউন্ডার থিসারা পেরেরা (১৫) দ্রুত ফিরে গেলেও শ্রীলঙ্কার আশা বাঁচিয়ে রাখেন ম্যাথিউস। মিলিন্দা সিরিবর্ধনের সঙ্গে তার ৬২ রানের জুটিতে এক সময় অতিথিদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২২৩ রান।

২২ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলা সিরিবর্ধনেকে মিচেল স্যান্টনার ফিরিয়ে দেওয়ার পরই খেলার চিত্রটা পাল্টে যায়। এরপর একে একে চামারা কাপুগেদারা, ম্যাথিউস ও দুশমন্থ চামিরাকে ফিরিয়ে নিউ জিল্যান্ডের জয়কে সময়ের ব্যাপারে পরিণত করেন ম্যাচ সেরা হেনরি।

আশা জাগিয়েও দলকে জয় এনে দিতে পারেননি ম্যাথিউস। তাকে ফিরতে হয়েছে ৫ রানের জন্য শতক না পাওয়ার আক্ষেপ নিয়েও। ১১৬ বলে খেলা ম্যাথিউসের ৯৬ রানের ইনিংসটি সাজানো ৬টি চারে।

৪০ রানে ৫ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সেরা বোলার হেনরি। বোল্ট ৩ উইকেট নেন ৪৩ রানে।

নিজেদের ইনিংসের প্রথম ওভারেই টম ল্যাথামকে হারায় নিউ জিল্যান্ড। তবে অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে ১২২ ও রস টেইলরের সঙ্গে ৮১ রানের দুটি জুটিতে দলকে ভালো অবস্থানে পৌঁছে দেন গাপটিল।

দশম ওয়ানডে শতকে পৌঁছেই ফিরে যান গাপটিল। ১০৯ বলে খেলা তার ১০২ রানের দারুণ ইনিংসটি ৯টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ।

দুই ব্যাটিং ভরসা উইলিয়ামসন ও টেইলর খেলেন ৬১ রানের দুটি ভালো ইনিংস।

শেষের দিকে লুক রনকি (৩১ বলে ৩৭*) ও স্যান্টনারের (১১ বলে ২১*) আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনশ’ রানের কাছাকাছি পৌঁছায় নিউ জিল্যান্ডের সংগ্রহ।

শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারা ৩ উইকেট নেন ৫৩ রানে।