২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে বৃষ্টির দাপট

সিডনি টেস্টের দ্বিতীয় দিন ছিল বৃষ্টির দাপট। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টেস্টের এই দিন ৬৮ বলের বেশি খেলা সম্ভব হয়নি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 12:30 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ২৪৮ রান। এই দিন আক্রমণাত্মক ব্যাটিং করা কার্লোস ব্রেথওয়েইটের উইকেট হারিয়ে আরও ৪১ রান যোগ করে তারা।

দিনেশ রামদিন ৩০ ও কেমার রোচ শূন্য রানে ব্যাট করছেন।

সোমবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৬ উইকেটে ২০৭ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।

বৃষ্টির জন্য খেলা শুরু হতে ১০ মিনিট দেরি হয়। কিন্তু তিন বল পর আবার বৃষ্টি শুরু হলে ৮০ মিনিটের জন্য খেলা বন্ধ হয়ে যায়।

এরপর ৩.৩ ওভার খেলা হওয়ার আবার বৃষ্টি নামলে প্রথম সেশনে আর খেলা হয়নি। দ্বিতীয় সেশনে ৭.২ ওভার খেলা হওয়ার পর আরেক দফা বৃষ্টি নামলে দিনের খেলার সেখানেই সমাপ্তি হয়। 

বৃষ্টির ফাঁকে ফাঁকে যতটুকু খেলা হয়েছে তাতে আগ্রাসী ব্যাটিং করেছেন ৩৫ রান নিয়ে দিন শুরু করা ব্রেথওয়েইট। জেমস প্যাটিনসনের বলে বোল্ড হওয়ার আগে ৭১ বলে ৬৯ রানের ভালো একটি ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংস ৭টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ। ব্রেথওয়েইটের বিদায়ে ভাঙে রামদিনের সঙ্গে তার ৮৭ রানের জুটি।