ওয়ানডের রেসিপিতেই টি-টোয়েন্টি সাফল্যের আশায় মাহমুদউল্লাহ
ওয়ানডে ক্রিকেটে যেভাবে খেলে সাফল্যময় একটি বছর কাটিয়েছে বাংলাদেশ, সেই একই ভাবে খেলে নতুন বছরে টি-টোয়েন্টিতে সাফল্য পাওয়ার আশা করছেন মাহমুদউল্লাহ।
বিপিএল শেষে ছুটি কাটিয়ে আবার মাঠে ফিরেছে ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৭ সদস্যের প্রাথমিক দলকে নিয়ে রোববার থেকে শুরু হয়েছে ক্যাম্প। এবার অভিযান শুধুই টি-টোয়েন্টির।
কদিন পরই জিম্বাবুয়ে সিরিজ। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এশিয়া কাপ। মহাদেশীয় আসর শেষ হতে না হতেই বিশ্ব আসর। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বাংলাদেশ দলের ভাবনা জুড়েও এখন শুধুই টি-টোয়েন্টি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পের প্রথম দিনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাহমুদউল্লাহ। ২০১৫ সালে যেভাবে খেলে ওয়ানডে ক্রিকেটে ইতিহাস-সেরা সাফল্য পেয়েছে বাংলাদেশ, এই বছর টি-টোয়েন্টিতেও সাফল্য পেতে চান একই ভাবে খেলে।
জিম্বাবুয়ে সিরিজ ও এশিয়া কাপ খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা যথেষ্টই ভালো হবে বাংলাদেশের, বিশ্বাস এই অলরাউন্ডারের।
“বিশ্বকাপের আগে দুটি সিরিজ আছে আমাদের। জিম্বাবুয়ে আসছে খেলতে, এরপর এশিয়া কাপ হবে। অনুশীলন তো চলতেই থাকবে। সবগুলো সিরিজেই ভালো করে আশা করি প্রস্তুতিটা ভালো হবে আমাদের।”
