২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় জয়ে এগিয়ে গেল ইংল্যান্ড

ডারবান টেস্টের পঞ্চম দিনে এক সেশনও স্থায়ী হয়নি দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ। বোলারদের দাপটে প্রথম টেস্টে ২৪১ রানের বড় জয় পেয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 05:25 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর রানের দিক থেকে এটা দক্ষিণ আফ্রিকার তৃতীয় বড় হার।

এই জয়ে চার ম্যাচের সিরিজে এগিয়ে গেল অ্যালেস্টার কুকের দল। আগামী শনিবার কেপ টাউনে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

বুধবার কিংসমেডে ৪ উইকেটে ১৩৬ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ৪১৬ রানের লক্ষ্য পাওয়া স্বাগতিকদের শেষ দিনে প্রয়োজন ছিল আরও ২৮০ রান।

Image
এলবিডব্লিউ হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তাকে আউট করে উচ্ছ্বসিত ইংল্যান্ডের অফস্পিনার মইন আলি। ছবি: রয়টার্স

এলবিডব্লিউ হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তাকে আউট করে উচ্ছ্বসিত ইংল্যান্ডের অফস্পিনার মইন আলি। ছবি: রয়টার্স

লক্ষ্য ছিল প্রায় অসম্ভব। কঠিন ছিল শেষ দিনের নব্বই ওভার কাটিয়ে দেওয়াও। কোনোটারই ধারে কাছে যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এদিন ২৪ ওভারে ৩৮ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় হাশিম আমলার দলটি।

দিনের প্রথম ওভারেই এবি ডি ভিলিয়ার্সকে (৩৭) ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে বড় একটা ধাক্কা দেন মইন আলি। এই অফ স্পিনার এরপর ফিরিয়ে দেন টেম্বা বাভুমা ও কাইল অ্যাবটকেও।

শুরুতেই ব্যাটিং ভরসা ডি ভিলিয়ার্সকে হারানোর ধাক্কা আর সামলে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এক প্রান্ত আগলে রাখলেও কারোর কাছ থেকে খুব একটা সহায়তা পাননি জেপি দুমিনি। দক্ষিণ আফ্রিকা ১৭৪ রানে অলআউট হওয়ার সময় ২৬ রানে অপরাজিত ছিলেন তিনি। 

৪২ রানে চার উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার পেসার স্টিভেন ফিন। মইন তিন উইকেট নেন ৪৭ রানে। এর আগে প্রথম ইনিংসে ৬৯ রানে চার উইকেট নেওয়া এই অফ স্পিনার জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।