নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার নেতৃত্বে চান্দিমাল
চোটের কারণে লাসিথ মালিঙ্গা না থাকায় নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দিনেশ চান্দিমাল।
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক মালিঙ্গা দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে হাঁটুতে চোট পেয়েছিলেন। তবে নিউ জিল্যান্ড সিরিজে খেলার আশা করেছিলেন তিনি।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক বিবৃতিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে মালিঙ্গাকে না পাওয়ার বিষয়টি জানায়।
২০১৪ সালে মালিঙ্গাকে দায়িত্ব দেওয়ার আগে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন চান্দিমাল।
চোটের কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে পেসার ধাম্মিকা প্রসাদকেও পাচ্ছে না শ্রীলঙ্কা। আর ডোপিংয়ের কারণে নিষিদ্ধ হওয়ায় এই সিরিজে নেই উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরা।
এই সিরিজের জন্য উদ্বোধনী ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা ও পেসার সুরঙ্গা লাকমালকে দলে নিয়েছে শ্রীলঙ্কা।
দুই ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ৭ জানুয়ারি, দ্বিতীয়টি ১০ জানুয়ারি।
নিউ জিল্যান্ড সফরে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে হারে শ্রীলঙ্কা। ৫ ওয়ানডের সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। নেলসনে তৃতীয় ওয়ানডেটি হবে আগামী বৃহস্পতিবার।
