২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডি ভিলিয়ার্সদের হার এড়ানোর লড়াই

ডারবান টেস্টে দারুণ এক জয়ের হাতছানি ইংল্যান্ডের সামনে। নিজেদের মাটিতে হার এড়াতে লড়ছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 11:26 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

চতুর্থ ইনিংসে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে ৪১৬ রানের লক্ষ্য দিয়েছে ইংলিশরা। প্রোটিয়ারা দিন চতুর্থ দিন শেষ করেছে ৪ উইকেটে ১৩৬ রানে।

শেষ দিনে ২৮০ রানের লক্ষ্যটা যত কঠিন, তার চেয়েও বেশি কঠিন ৬ উইকেট হাতে নিয়ে ৯০ ওভার কাটানো। দক্ষিণ আফ্রিকার ভরসা হয়ে টিকে আছেন এবি ডি ভিলিয়ার্স (৩৭*)।

ইংল্যান্ড দিন শুরু করেছিল ৩ উইকেটে ১৭২ রান নিয়ে। ৬০ রানে দিন শুরু করা জো রুট ফিরে যান ৭৩ রানে। আগের দিনের আরেক অপরাজিত জেমস টেলর ফেরেন ৪২ রানে।

তবে দারুণ এক ইনিংসে ইংল্যান্ডের লিডকে চারশর ওপারে নিয়ে যান জনি বেয়ারস্টো। ৯ চার ও ৩ ছক্কায় ৭৬ বলে ৭৯ রান করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অলআউট ৩২৬ রানে, প্রথম ইনিংসের ৮৯ রানের লিড মিলিয়ে মোট লিড ৪১৫।

১৫৩ রানে ৫ উইকেট নেন দক্ষিণ আফ্রিকা ডেন পিট। ক্যারিয়ারের প্রথম ২ টেস্টে ৩ বার ৪ উইকেট পাওয়া অফ স্পিনার তৃতীয় টেস্টে এসে দেখা পেলেন প্রথম ৫ উইকেটের। ৫০ বছর পর দেশের মাটিতে ৫ উইকেট পেলেন দক্ষিণ আফ্রিকার কোনো অফ স্পিনার। সবশেষ ১৯৬৫ সালে কেপ টাউনে পেয়েছিলেন হ্যারি ব্রমফিল্ড।

স্লো মিডিয়াম পেসে শেষ দিকে ৩ উইকেট নেন স্টিয়ান ফন জিল।

ফন জিল পরে ডিন এলগারের সঙ্গে মিলে ভালো সূচনা এনে দেন দক্ষিণ আফ্রিকাকে। উদ্বোধনী জুটিতে আসে ৫৩ রান। ফন জিলকে (৩৩) ফিরিয়ে এই জুটি ভাঙেন বেন স্টোকস।

এরপর প্রোটিয়া ইনিংস এলোমেলো করে দেন স্টিভেন ফিন। এলগার (৪০) ও অধিনায়ক হাশিম আমলাকে (১২) ফেরান দীর্ঘদেহী এই পেসার। পরে শেষ বিকেলে আউট করেন দীর্ঘক্ষণ উইকেট আঁকড়ে রাখা ফাফ দু প্লেসিকে (৬৬ বলে ৯)।

শেষ দিনে দক্ষিণ আফ্রিকা তাই আরও একবার তাকিয়ে তাদের ‘সুপার হিরো’ ডি ভিলিয়ার্সের দিকে।